মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

‘আমাদের গল্পের সমাপ্তি’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড অভিনেতা ঋষি কাপুর। গত ৩০ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান বর্ষীয়ান এই অভিনেতা। তার মৃত্যুতে শোকাহত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

এদিকে আজ (২ মে) ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ঋষি কাপুরের স্ত্রী নিতু কাপুর। এতে দেখা যাচ্ছে, হাতে মদের গ্লাস নিয়ে বসে আছেন ঋষি কাপুর। ছবির ক্যাপশনে নিতু লিখেছেন, ‘আমাদের গল্পের সমাপ্তি।’

ঋষি পত্নীর আবেগঘন এই পোস্ট অনেকের মনেই নাড়া দিয়েছে। পোস্টের নিচে তাকে সান্ত্বনা দিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। অভিনেত্রী রিচা চাড্ডা লিখেছেন, ‘এখানে কমা হবে, দাঁড়ি নয়। তিনি আপনার পাশেই আছেন, আপনাকে গল্প শুনিয়ে মাতিয়ে রাখছেন, হাসাচ্ছেন, বিরক্ত করছেন, আপনার জন্য সেরা রেস্তোরাঁ খুঁজে বের করছেন। তিনি আপনার মধ্যেই বেঁচে থাকবেন, পাশে থাকবেন। কষ্ট পাবেন না। পরপারে আপনাদের দেখা হবে। অনেক অনেক ভালোবাসা।’

অভিনেতা অনিল কাপুরের স্ত্রী সুনিতা লিখেছেন, ‘দয়াকরে এটি বলবেন না। আপনাদের অসাধারণ প্রেমের গল্প ও সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে।’

বর্ষীয়ান অভিনেতা অনুপম খের মন্তব্য করেছেন, ‘কিছু গল্প কখনো শেষ হয় না।’

ঋষি কাপুরের সঙ্গে নিতুর প্রেমের বিয়ে। এই অভিনেতার সঙ্গে মোট ১৫টি সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৮০ সালের ২২ জানুয়ারি বিয়ে করেন তারা। এরপর কাপুর পরিবারের ঐতিহ্য মেনে স্বেচ্ছায় অভিনয় ছেড়ে ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

তবে অভিনয় ছেড়ে দেয়া নিয়ে নিতুর মনে কোনো ক্ষোভ ছিল না। তাদের মধ্যে বোঝাপড়াটা বেশ দারুণ ছিল বলে একাধিকবার জানিয়েছেন নিতু। এই দম্পতির দুই সন্তান— রণবীর কাপুর ও ঋদ্ধিমা কাপুর।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com