মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় এবার ‘অ্যাভেঞ্জার্স’ তারকারা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনা মোকাবিলায় পুরো বিশ্বের তারকারা এগিয়ে আসছে। কখনও ব্যক্তিগত উদ্যোগে বা কখনও সম্মিলিত উদ্যোগে নেয়া হচ্ছে প্রস্তুতি। হলিউডে এরইমধ্যে বেশ কয়েকটি বড় উদ্যোগ নেয়া হয়েছে। এবার এমন সংবাদের শিরোনামে এলেন ‘অ্যাভেঞ্জার্স’ তারকারা। ক্রিস ইভানস, রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, মার্ক রাফেলো ও জেরেমি রেনার।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর মধ্য দিয়ে বছরখানেক আগে মার্ভেলের হিরোরা তাদের ভক্তদের থেকে বিদায় নিয়েছেন। কিন্তু সেই বিদায় খুব বেশিদিন স্থায়ী হচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ তারকা ক্রিস ইভানস!

সম্প্রতি হলিউডের এই অভিনেতা জানিয়েছেন ভার্চুয়ালি আবার জোট বাঁধবেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, মার্ক রাফেলো ও জেরেমি রেনার। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তহবিল সংগ্রহ করতে গত ১ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অভিষেক হয়েছে ক্রিস ইভানসের। সেসময় একটি ভিডিও বার্তা শেয়ার করে চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। একইসঙ্গে ভক্তদের কাছে ওয়াদা করেছেন একটি মজার খেলায় অংশ নেবেন তিনি। যার মাধ্যমে ভক্তদের প্রশ্নের উত্তর দেবেন এই তারকা। এছাড়াও এক ভক্তের সঙ্গে ভার্চুয়ালি আড্ডা দেবেন তিনি।

ওই ভিডিও বার্তায় ক্রিস আরও জানান, করোনা ভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য তহবিল সংগ্রহ করছেন তারা। ভক্তদেরও এতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com