মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

তাপসের নতুন গান, মডেল নার্গিস ফাখরি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস আবারো বলিউডের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গতকাল মঙ্গলবার মুক্তি পেয়েছে গানটি।

গতকাল ছিল কৌশিক হোসেন তাপসের জীবনসঙ্গী ফারজানা মুন্নীর জন্মদিন। বিশেষ দিনে স্ত্রীকে গানটি উপহার হিসেবে ঘোষণা করেছেন এই সংগীতশিল্পী।

এ প্রসঙ্গে তাপস বলেন, ‘আমার জীবনের অন্যতম আগ্রহের দিন ৫ মে। এই দিনে ইচ্ছে করে, পৃথিবীর যা কিছু সুন্দর তার সবটুকুই সবচেয়ে প্রিয় মানুষটির হাতে তুলে দিতে। সেটা তো আর সম্ভব নয়। তাই এবার চেষ্টা করেছি, কথা-সুরে আমার কাছে থাকা সর্বোচ্চ সুন্দরটুকু সেই প্রিয়জনের সামনে তুলে ধরার।’

‘নিত দিন জিয়া মারা’ শিরোনামে হিন্দি ভাষার গানটি প্রকাশ পেয়েছে স্পটিফাই, আই টিউনস, গানা ডট কম, জিও সাওয়ান ছাড়াও বেশ কটি আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে। কুমারের প্রেমময় কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন বলিউডের জনপ্রিয় সংগীত জুটি মিট ব্রস।

বলিউডের অন্যতম নায়িকা নার্গিস ফাখরিকে মডেল করে গানটির ভিডিও নির্মিত হয়েছে তুরস্কের বিভিন্ন লোকেশনে। তবে, চলমান করোনা ভাইরাসের দুর্যোগ মাথায় রেখে এখনই ভিডিওটি প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রযোজনা সংশ্লিষ্টরা।

এদিকে, জন্মদিনের উপহার হিসেবে গানটির অডিও শুনতে পেরে বেশ উচ্ছ্বসিত ফারজানা মুন্নী। তার ভাষায়, ‘আমার জন্মদিন মানেই তাপসের সারপ্রাইজ! এবারের উপহারটিও আমার জন্য সবচেয়ে বিশেষ। আমি মুগ্ধ।’

এর আগে, সানি লিওন ও ডেনিয়েল ওয়েবারের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয় হিন্দি ভাষায় তাপসের প্রথম গান ‘লাভলি অ্যাকসিডেন্ট’। গানটিতে তাপসের বিপরীতে মডেল হয়েছিলেন বলিউড সেনসেশন সানি লিওন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com