মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : শ্রোতাপ্রিয় ব্যান্ডদল ‘ভাইকিংস’ ছাড়লেন ব্যান্ডটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তন্ময় তানসেন। এক সপ্তাহ আগে ব্যান্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানান এই শিল্পী।
তন্ময় তানসেন বলেন, ‘‘দলটির সদস্যরা ভাবছেন ‘ভাইকিংস’ অনেকটা পথ পাড়ি দিয়েছে। কিন্তু আমি মনে করি, দলটির সংগ্রাম কেবল শুরু হয়েছে। আমার সংগ্রামের মানসিকতা আছে বলেই ব্যান্ডটি ছেড়ে দিলাম।’’
অন্যদিকে ‘ভাইকিংস’-এর ভেরিফায়েড ফেসবুকে পেজে জানানো হয়েছে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি—ভাইকিংস’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তন্ময় নিজের ক্যারিয়ারে মনোযোগী হওয়ার জন্য ভাইকিংস ছেড়ে দিয়েছে। আমাদের ২৩ বছরের চমৎকার একটি জার্নি ছিল। তার নতুন যাত্রার জন্য শুভ কামনা জানাচ্ছি। তন্ময় সর্বদা আমাদের পরিবারের-ই সদস্য হিসেবে থাকবে।
‘ভাইকিংস’ ছাড়লেও গান ছাড়ছেন না এ ভোকালিস্ট। নিজের ভাবনার মিশেলে আরেকটি নতুন ব্যান্ড গড়তে চান তিনি। এ প্রসঙ্গে তন্ময় বলেন—‘আমি ব্যান্ডইজমে বিশ্বাস করি। অবশ্যই ব্যান্ড করব। তবে এখনো গুছিয়ে উঠতে পারিনি। কিছুটা ক্লান্তিও আছে। ভাইকিংস’র যত্ন নিতে নিতে আমিও ক্লান্ত। এই মহামারিতে যদি টিকে যাই স্বাধীনভাবে মিউজিক করব।’
১৯৯৭ সালে গঠিত হয় ‘ভাইকিংস’। রক ধারার এ ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন তন্ময়। ২০০০ সালে ‘ভাইকিংস’-এর প্রথম অ্যালবাম ‘জীবনের কোলাহল’ ও ২০০১ সালে ভালোবাসা দিবসের বিশেষ অ্যালবাম ‘ভালোবাসি যারে’ প্রকাশিত হয়। মাঝে বেশ কিছু চলচ্চিত্রের প্লে-ব্যাক করে শ্রোতাদের মাঝে সাড়া ফেলে দলটি।
নগরকন্ঠ.কম/এআর