রবিবার, ১২ Jul ২০২৬, ১০:১০ অপরাহ্ন

ঈদের অনেক কাজের শিডিউল দেয়া ছিল : মেহজাবিন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম :‘অনেক কাজই হাতে নিয়েছিলাম। এর মধ্যে পয়লা বৈশাখ ও ঈদের অনেক কাজের শিডিউল দেয়া ছিল। টানা মে মাস পর্যন্ত ২০-২৫টি নাটক-টেলিফিল্মে কাজ করার কথা ছিল। তাছাড়া আরো কিছু কাজের বিষয়ে পরিচালকদের সঙ্গে কথাও বলেছিলাম। কিন্তু এখন তো সবই বন্ধ।’— আলাপকালে এসব কথা বলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

করোনা সংক্রমণ রোধে গত ২২ মার্চ থেকে নাটকের সব ধরনের শুটিং বন্ধ ঘোষণা করা হয়েছে। সব কাজ বন্ধ থাকায় অন্যদের মতো ঘরবন্দি সময় কাটাচ্ছেন মেহজাবিন চৌধুরীও। এদিকে প্রতি ঈদে এই অভিনেত্রীর বিশেষ কিছু নাটক-টেলিফিল্ম টেলিভিশনে প্রচার হয়ে থাকে। তবে এবারের ঈদুল ফিতরে সেই সংখ্যা অনেক কম। লকডাউনের আগে যেসব কাজ শেষ করতে পেরেছিলেন, সেসব থেকে কিছু নাটক-টেলিফিল্ম ঈদে প্রচার হবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ পরিচালক মিজানুর রহমান আরিয়ানের একটা টেলিফিল্মের কাজ শুরু করেছিলেন মেহজাবিন। কিন্তু করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় কাজটি শেষ করতে পারেননি। তবে লকডাউনের আগে এই নির্মাতার কয়েকটি নাটক-টেলিফিল্মে অভিনয় করেছিলেন। তারই কয়েকটি ঈদুল ফিতরে প্রচার হতে পারে। এছাড়া ঈদুল ফিতরে তার কতগুলো কাজ টিভিতে প্রচার হবে তা এখনি বলতে পারছেন না বলেও জানান এই অভিনেত্রী।

করোনার এই সংকটকালে কাজ নিয়ে আপাতত ভাবছেন না মেহজাবিন। তার ভাষায়—‘পরিস্থিতি স্বাভাবিক হলে কাজ করা যাবে। কিন্তু তার আগে তো বাঁচতে হবে। সবকিছু ঠিক হোক তারপর দেখব। এ মুহূর্তে আসলে কাজ নিয়ে একদম ভাবছি না। ভাবনায় শুধু এই পরিস্থিতি। কবে যে সবকিছু ঠিকঠাক হবে, সেটা নিয়েই চিন্তায় আছি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com