রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

প্রভাসকে নিয়ে মুগ্ধতার কথা জানালেন রাভিনা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দক্ষিণী সিনেমার বেশ কজন অভিনেতাকে নিয়ে তার ভালো লাগার কথা জানান। এ তালিকায় রয়েছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত প্রভাস।

প্রভাসের সঙ্গে রাভিনা তার সম্পর্কের বিষয়টি উল্লেখ করে বলেন—‘‘প্রভাস খুব মিষ্টি একজন মানুষ। এই ‘বাহুবলি’ তারকার সঙ্গে নাচতে গিয়ে স্মরণীয় অভিজ্ঞতা হয়েছে। সে আমাকে নিয়ে চমৎকার মন্তব্য করেছিল। তার কথায় আমি মুগ্ধ হয়েছিলাম।’’

এর আগে প্রভাসের কাছে জানতে চাওয়া হয়েছিল আপনি কোন অভিনেত্রীর ভক্ত? জবাবে প্রভাস বলেছিলেন—‘আমি বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের খুব বড় ভক্ত।’

গত মার্চে জর্জিয়ায় প্রভাস তার পরবর্তী সিনেমার শুটিং করে ভারতে ফেরেন। প্রাথমিকভাবে এই সিনেমার নাম ‘জান’ রাখা হয়েছে। তবে এ নাম পরিবর্তন হতে পারে বলে শোনা যাচ্ছে। ইউভি ক্রিয়েশন্সের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করছে গোপীকৃষ্ণা মুভিজ। সিনেমাটি পরিচালনা করছেন রাধাকৃষ্ণা। এই সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। আগামী ১৬ অক্টোবর সিনেমা মুক্তির কথা রয়েছে।

অন্যদিকে রাভিনার পরবর্তী সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। ‘কন্নড়’ ভাষার এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন যশ। প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটি নিয়ে অধির আগ্রহে আছেন দর্শকরা। এতে আরো অভিনয় করছেন—সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, সরন শক্তি, বালাকৃষ্ণা প্রমুখ। আগামী বছর এটি মুক্তির কথা রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com