রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

বিয়ের পরিকল্পনা করছেন নুসরাত?

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সোনু কে টিটু কি সুইটি সিনেমাখ্যাত অভিনেত্রী নুসরাত ভারুচা। শোনা যাচ্ছে, বিয়ের পরিকল্পনা করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নুসরাত। সাক্ষাৎকারে এই অভিনেত্রীর সঙ্গে তার মা উপস্থিত ছিলেন। মেয়ের বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তাকে সংসারি দেখতে চাই। সে খুব শিগগির বিয়ে করবে। আমরা এখন তাকে এ বিষয়ে চাপ দিচ্ছি। অনেক সময় দেয়া হয়েছে, এখন তাকে আমাদের কথা শুনতে হবে।’

এদিকে গত রোববার এই অভিনেত্রীর বয়স ৩৫ পূর্ণ হয়েছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে হাজির হয়েছিলেন তিনি। এই সময় এক ভক্ত তাকে প্রশ্ন করেন, জীবনে সবচেয়ে বড় কোন বিষয়টি অর্জন করতে চান? উত্তরে নুসরাত বলেন, ‘উপযুক্ত কাউকে খুঁজে বের করে তার সঙ্গে বাকি জীবন কাটাতে চাই। যার সঙ্গে পরিবার গড়তে ও নিজের বলতে পারব।’

সাক্ষাৎকারে প্রেমের সম্পর্ক নিয়ে নুসরাত ভারুচা বলেন, ‘প্রতিবার যখন আমার বয়ফ্রেন্ডকে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই, এক কথা তাদের স্পষ্টভাবেই বলি, সে আমার বর্তমানে বয়ফ্রেন্ড, যদি আমাদের সম্পর্ক টিকে তাহলে বিয়ে করব, না হলে নয়। বিষয়টি বুঝতে হবে। এমনকি বাবাকেও এই কথা বলি। আজ যে আমার সঙ্গী হিসেবে আছে কাল নাও থাকতে পারে, এটি মেনে নিতে হবে।’

নুসরাত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ড্রিম গার্ল’। এতে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেন তিনি। এটি এই অভিনেত্রীর টানা দ্বিতীয় হিট সিনেমা। তার তৃতীয় সিনেমা কার্তিক আরিয়ানের বিপরীতে। এছাড়া রাজকুমার রাওয়ের বিপরীতে ‘ছালাং’ এবং সানি সিংয়ের বিপরীতে ‘হারদাং’ সিনেমায় দেখা যাবে তাকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com