রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

ডিস্ট্রিক্ট লিডার মীর সাব্বির!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : গ্রামের মানুষের কাছে সাব্বির নিজেকে ডিস্ট্রিক্ট লিডার হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়। এ পরিচয়ে মানুষের কাছ থেকে নানারকম সুযোগ-সুবিধাও আদায় করে। নিজেকে খুব ব্যস্ত নেতা বোঝাতে চায়। প্রতিদিন সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। সারাদিন নানা ফন্দি-ফিকির করে বেড়ায়। কারো সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করে আবার কাউকে নেতা বানানোর কথা বলে টাকা নেয়। মিথ্যা আশ্বাস দিয়ে দিনের পর দিন মুদি দোকানদারের কাছ থেকে বাকিতে সদাই করে। চায়ের দোকানে বাকি পড়ে যায় অনেক।

ঘরে তার স্ত্রী আর ছোট একটি ছেলে আছে। সারাদিন তাদের কোন খবর রাখে না সে। স্ত্রী কিছু বললে তার সঙ্গে রাগারাগি করে। কয়দিন ধরে ছেলেটার জ্বর। স্ত্রী তাকে ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে কিন্তু তার সময় হয় না। এক রাতে সে ক্লাবে কেরাম খেলছিল। তার স্ত্রী তাকে বারবার ফোন দিচ্ছে কিন্তু সে কেটে দেয়। এদিকে তার ছেলের অবস্থা খুব খারাপ। তাকে জরুরি হাসপাতালে নেওয়া দরকার। ফোনে না পেয়ে গ্রামের একজনকে দিয়ে খবর দেয়ার পর দৌড়ে যায় বাড়িতে। তখন অনেক রাত হয়ে গেছে। ছেলেকে হাসপাতালে নেয়ার জন্য পরিচিতজনদের সহযোগিতা চাইলে, কেউ তখন তার ফোন ধরে না। এরপর গল্পে নতুন মোড় আসে।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ডিস্ট্রিক্ট লিডার’। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে শশীকে। মমর রুবেল রচিত এ নাটক পরিচালনা করেছেন বর্ণ নাথ। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এ নাটক।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com