রবিবার, ১২ Jul ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সংগীতজ্ঞ সুজেয় শ্যাম

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠযোদ্ধা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক সুজেয় শ্যাম বাসায় ফিরেছেন।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তবে সুস্থবোধ করায় তাঁকে বাসায় পাঠিয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল রাতে তাঁকে বাসায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর মেয়ে লিজা।

এদিকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলেও এখনো ফল আসেনি। লিজা বলেন, ‘গতকাল বুধবার থেকে বাবার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। শ্বাসকষ্টের সমস্যার কারণে ধারণা করা হচ্ছিল তিনি করোনায় আক্রান্ত। এই উদ্বেগ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। শারীরিক অবস্থা ভালো থাকার কারণে করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত বাবাকে বাসায় থাকার পরামর্শ দেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। গত রাতেই আমরা বাবাকে নিয়ে বাসায় চলে আসি।’

দেশের চলচ্চিত্রের গানে অসাধারণ অবদান রেখে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে এ পর্যন্ত ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সুজেয় শ্যাম। মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তাঁর সুর করা গানগুলোর মধ্যে ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষী মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ উল্লেখযোগ্য।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com