রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রতিবছর চলচ্চিত্রে নতুন নতুন মুখের আগমন ঘটে। বছর ঘুরতেই তাদের অনেককেই খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ নিজ গুণে টিকতে পারেন, আবার কেউ কেউ তিক্ত অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্রাঙ্গন ছেড়ে চলে যান।
আবার অনেকে দাপটের সঙ্গে অভিনয় করেও বিয়ে করে সংসারি হয়ে চলচ্চিত্র ছেড়েছেন। ঝরে পড়া এসব তারাদের নিয়ে বিশেষ আয়োজন। আজ অষ্টম পর্বে থাকছেন অভিনেত্রী বিন্দু।
২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার রানার-আপ আফসান আরা বিন্দু। ‘দারুচিনি দ্বীপ’ শিরোনামের চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘এই তো প্রেম’ নামের সিনেমায় অভিনয় করেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
এরপর একে একে নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনেও আধিপত্য বিস্তার করেন বিন্দু। তবে ভক্তদের হতাশ করে একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয় থেকে দূরে সরে যান।
২০১৪ সালের ২৪ অক্টোবর আসিফ সালাউদ্দিন মালিকের সঙ্গে তিনি বিয়ের পিঁড়িতে বসেন। এরপর নিজ থেকেই জানিয়ে দেন, তিনি আর অভিনয় করবেন না। বিয়ের কিছুদিন আগে অঞ্জন আইচের ‘সত্য’ নাটকের শুটিংয়ের মাধ্যমেই অভিনয়ের পাট চুকিয়েছেন বিন্দু। বৃত্তের বাইরে গিয়ে বর্তমানে তিনি উত্তরায় স্বামীর সঙ্গে বসবাস করছেন।
নগরকন্ঠ.কম/এআর