রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

অবসরে চিত্রনাট্যও লিখছেন সালমান!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের কারণে লকডাউন চলায় ঘরেই থাকছেন বলিউড তারকারা। নানাভাবে নিজেদের অনাকাঙ্ক্ষিত এই অবসর কাটাচ্ছেন তারা।

এদিকে লকডাউনের এই সময়ে প্যানভেলের খামার বাড়িতে অবস্থান করছেন বলিউড সুপারস্টার সালমান খান। ছবি আঁকা, মিউজিক ভিডিও তৈরি, জিমসহ নানা কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। শোনা যাচ্ছে, সিনেমার জন্য চিত্রনাট্য লিখছেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘সালমান প্রায়ই এক লাইনের একটি আইডিয়া নিয়ে আসেন। গল্প বলার এই গুণ সম্ভবত তার বাবা সেলিম খানের কাছ থেকে পেয়েছেন। অনেকদিন থেকেই তিনি একটি উঠতি জুটিকে নিয়ে প্রেমের গল্প লেখার কথা ভাবছিলেন। লকডাউনে তিনি এটি লেখার সুযোগ পেয়েছেন। সালমান প্রতিদিন কয়েক ঘণ্টা ধরে ড্রাফট তৈরি করছেন। ধারণা করা হচ্ছে, এই বছরের শেষ নাগাদ চিত্রনাট্য তৈরি হয়ে যাবে।’

তবে সিনেমার চিত্রনাট্য লেখার বিষয়টি সালমানের কাছে নতুন নয়। এর আগে ‘দাবাং-থ্রি’, ‘বীর’ সিনেমায় চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন তিনি।

সালমান খানের পরবর্তী সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। তবে ভক্তদের নিরাশ করেননি তিনি। ঈদ উপহার হিসেবে ‘ভাই ভাই’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন ‘বলিউডের ভাইজান’। এই অভিনেতার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এটি। ভক্তরা গানটি পছন্দও করেছেন।

‘ভাই ভাই’ গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ-ওয়াজিদ। সালমানের সঙ্গে যৌথভাবে এটি লিখেছেন দানীশ সাবরি। ‘দাবাং’ অভিনেতার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন রুহান আরশাদ। গানে ধর্মীয় সম্প্রীতির বিষয়টি তুলে ধরেছেন সালমান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com