রবিবার, ১২ Jul ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

অভিনেতা চিরঞ্জীবীর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী সারজার হঠাৎ মৃত্যুতে শোকাহত তার সহকর্মী ও ভক্তরা। এদিকে শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী মেঘনা রাজ।

সোমবার (৮ জুন) বেঙ্গালুরুর কানাকাপুরায় অবিস্থত পারিবারিক ফার্মহাউসে চিরঞ্জীবী সারজার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এই অভিনেতার স্ত্রী তাকে শেষ বিদায় জানাতে গেলে কান্নায় ভেঙে পড়েন। স্বামীর কপালে শেষবারের মতো চুম্বন দিতে দেখা যায় তাকে।

মেঘনা রাজ নিজেও একজন অভিনেত্রী। ২০১৮ সালে চিরঞ্জীবী সারজার সঙ্গে তার বিয়ে হয়। জানা গেছে, প্রথম সন্তানের অপেক্ষায় এই অভিনেত্রী। ছয় মাসের অন্তঃসত্ত্বা তিনি।

চিরঞ্জীবী সারজার শেষকৃত্যে হাজির হন পুণিত রাজকুমার, উপেন্দ্র, কিচ্চা সুদীপ, যশ, শিবারাজ কুমার, রকলিন ভেঙ্কটেশসহ বেশ কয়েকজন তারকা। এছাড়া কন্নড় ইন্ডাস্ট্রির অনেকেই উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রিয় তারকাকে শেষবারের মতো দেখতে ভিড় করেছিলেন অসংখ্য ভক্ত।

এর আগে রোববার (৭ জুন) হঠাৎ অস্বস্তিবোধ করলে চিরঞ্জীবী সারজাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময়ে সেখানেই তার মৃত্যু হয়। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন এই অভিনেতা হার্ট অ্যাটাকে মারা গেছেন।

চিরঞ্জীবী সারজা অভিনেতা-নির্মাতা অর্জুন সারজার ভাতিজা এবং কন্নড় অভিনেতা শক্তি প্রসাদের নাতি। চাচার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন চিরঞ্জীবী। ২০০৯ সালে ‘বায়ুপুত্রা; সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘সামহারা’, ‘আদিয়া’, ‘খাকি’, ‘সিনগা’, ‘আম্মা আই লাভ ইউ’, ‘প্রেমা বিরহ’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com