রবিবার, ১২ Jul ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

পৃথিবী ছাড়লেন নায়ক, চলচ্চিত্র ছাড়লেন নায়িকা

বিনোদন  ডেস্ক, নগরকন্ঠ.কম : চলচ্চিত্রে প্রতি বছর নতুন মুখের আগমন ঘটে। বছর ঘুরতেই তাদের অনেককে খুঁজে পাওয়া যায় না।

অনেকে নিজ গুণে টিকে থাকেন, কেউ তিক্ত অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্রাঙ্গন ছেড়ে চলে যান। এমনও আছে, দাপটের সঙ্গে অভিনয় করেও বিয়ের পর হঠাৎ চলচ্চিত্র ছেড়ে পাক্কা সংসারী হন। ঝরে পড়া এসব তারাদের নিয়ে রাইজিংবিডির বিশেষ আয়োজন। আজ নবম পর্বে থাকছেন চিত্রনায়িকা একা।

১৯৯৭ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে আয়েশা আরবী নাম নিয়ে চলচ্চিত্রে পা রাখেন একা। পরের বছর কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় অভিনয় করেন। ডিপজল প্রযোজিত এই সিনেমায় তার নাম বদলে ‘একা’ রাখা হয়। সিনেমাটি মুক্তির পরে ব্যবসা সফল হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মান্নার সঙ্গে প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করে লাইম লাইটে চলে আসেন।

মান্না-একা জুটি হিট হয়। এ ছাড়াও রুবেল, অমিত হাসান, আমিন খান, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানের সঙ্গেও একা অভিনয় করেছেন। চলচ্চিত্রে একা যখন আসন পোক্ত করে ফেলেছেন তখন হুট করেই নিজেকে গুটিয়ে নেন এই নায়িকা।

এ প্রসঙ্গে একা বলেন, ‘দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। সেখানে স্বামী সংসার নিয়ে ব্যস্ত ছিলাম। এর মধ্যে সন্তানদেরও সময় দিতে হয়েছে। বড় একটা গ্যাপ। এ সময় চলচ্চিত্রের কারো সঙ্গে যোগাযোগ হয়নি। মান্না ভাইয়ের সঙ্গে আমার সিনেমা হিট হয়েছে। অন্যদের সঙ্গেও কম-বেশি কাজ করেছি। হঠাৎ মান্না ভাইয়ের চলে যাওয়া; আমার ক্যারিয়ারে প্রভাব ফেলেছে। অন্যদের সঙ্গে ম্যাচ করতে পারিনি। সবচেয়ে বড় কথা অশ্লীলতার কারণে সেই সময়টা চলচ্চিত্র ছাড়তে বাধ্য হয়েছিলাম। এখন আর ফিরতে চাই না। স্বামী সংসার নিয়ে ভালোই তো আছি!’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com