রবিবার, ১২ Jul ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

করোনায় আটকে আছে সুপারস্টারের জীবনের গল্প

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’ শিরোনামে সিনেমা। একজন সুপারস্টারের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। এতে সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান।

করোনা প্রকোপেরে আগেই দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। এখন সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে সিনেমাটি। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।

পরিচালক অনন্য মামুন বলেন, ‘করোনার কারণে দেশের সিনেমা হল বন্ধ রয়েছে। দেশের মানুষ এখন করোনার সঙ্গে যুদ্ধ করছে। এই সময় কে দেখবে সিনেমা? তাই আপাতত সিনেমাটি সেন্সরে জমা দিচ্ছি না। সব কিছু ঠিক হলে সেন্সর বোর্ডে জমা দেব।’

তারিক আনাম খান ছাড়াও এতে আরো অভিনয় করেছেন—রোশান, রিয়েলি, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি, বিশ্বনাথ প্রমুখ।

সিনেমাটির গল্পে দেখা যাবে—লাইট ক্যামেরায় বন্দি সেলেব্রিটিদের জীবন। মেকআপের কারণে তারা ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন আড়াল করে রাখেন। দিনশেষ মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য।

‘মেকআপ’ সিনেমায় চারটি গান থাকছে। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, স্যাভি, লিংকন ও অনন্য মামুন। গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, ন্যানসি ও সিঁথি সাহা। সিনেমাটির ‘বেবি বিউটিফুল’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের ‘ফিরভি তুমকো চাহুঙ্গি’, ও ‘মেরি লায়লা’খ্যাত বলিউড কণ্ঠশিল্পী জ্যোতিকা টাংরি। গানটির কথা ও সুর করেছেন স্যাভি।

ভারতের রামুজি ফিল্ম সিটিতে সিনেমাটির শুটিং হয়েছে। এছাড়া সুনামগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকার বেশ কিছু স্থানে দৃশ্যধারণের কাজ হয়েছে। সিনেমাটির ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে লাইভ টেকনোলজিস।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com