রবিবার, ১২ Jul ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

‘মেকআপের জন্য প্রতিদিন চার-পাঁচ ঘণ্টা বসে থাকতে হতো’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউডের ‘বিগ বি’খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। বয়স প্রায় আশির কাছাকাছি, তবে এখনো নিয়মিত অভিনয় করছেন। প্রতিনিয়ত নিজেকে ভেঙে দর্শকের সামনে হাজির হচ্ছেন এই অভিনেতা।

অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা ‘গুলাবো সিতাবো’। ১২ জুন আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে এটি। এতেও ভিন্ন লুকে হাজির হয়েছেন অমিতাভ। এই লুকের জন্য প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা ধরে মেকআপ নিতে হয়েছে তাকে।

অমিতাভ বচ্চন বলেন, “প্রত্যেক সিনেমাতেই চ্যালেঞ্জ থাকে এবং এজন্যই কাজ করতে আগ্রহ প্রকাশ করি। ‘গুলাবো সিতাবো’ সিনেমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। প্রস্থেটিক মেকআপের জন্য প্রতিদিন চার-পাঁচ ঘণ্টা বসে থাকতে হতো এবং খুবই অস্বস্তিকর ছিল। বৃদ্ধ মির্জার (অমিতাভের চরিত্রে নাম) অঙ্গভঙ্গি পাশাপাশি মে মাসের প্রচণ্ড গরম। কিন্তু নিজেকে পেশাদার মনে করলে সবকিছু মেনে নিয়ে উপভোগ করতে হবে।’

এক বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তিক্তমধুর সম্পর্ক নিয়ে ‘গুলাবো সিতাবো’ সিনেমার গল্প। ভাড়াটিয়া আয়ুষ্মান খুরানা ঠিকঠাক ভাড়া দেয় না, অন্যদিকে বাড়িওয়ালা অমিতাভ তাকে ভাড়ার কথা স্মরণ করিয়ে অস্থির। তার কথা, হয় বেশি ভাড়া দাও নয় বাড়ি ছাড়ো। এদিকে আয়ুষ্মানও নাছোড়বান্দা। বাড়ি থেকে সে সরবে না। শেষ পর্যন্ত বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেয় অমিতাভ। এদিকে পুরোনো বড়সরো বাড়ি হওয়ায় এর ওপর চোখ পড়ে প্রত্নতত্ত্ব বিভাগের। বাড়ি বিক্রি নিয়ে তৈরি হয় ঝামলো। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।

সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতা অনেক আনন্দের ছিল বলে জানান অমিতাভ। তিনি বলেন, ‘লাখনৌ শহর, সেখানকার মানুষ সবকিছু মিলে খুবই আনন্দের ছিল। পাশাপাশি যাদের সঙ্গে কাজ করেছি তারাও।’

কমেডি ঘরানার ‘গুলাবো সিতাবো’ পরিচালনা করেছেন সুজিত সরকার। লিখেছেন জুহি চতুবের্দী। অমিতাভ-আয়ুষ্মান ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় রাজ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com