রবিবার, ১২ Jul ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : শুরু হতে যাচ্ছে লোকগানের নতুন রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’। দেশ-বিদেশের প্রতিভাবান আগ্রহী শিল্পীরা অনলাইনে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। করোনার এই সংকটকালে এই আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।
গতকাল (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে আরটিভি অনলাইনের ফেসবুক পেজে লাইভের মাধ্যমে রিয়েলিটি শো’র উদ্বোধন করা হয়। এতে অংশ নেন বাংলাদেশ-ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত সংশ্লিষ্টরা।
শান্তা জাহানের উপস্থাপনায় ফেসবুক লাইভে যুক্ত ছিলেন—আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, সংগীতশিল্পী এস আই টুটুল, সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন, সংগীতশিল্পী ইবরার টিপু, ভারতীয় সংগীতশিল্পী রকেট মণ্ডল। এছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য থেকে যথাক্রমে যুক্ত হয়েছিলেন—সায়রা রেজা, সংগীতশিল্পী মালা, রুবায়েত জাহান ও রাজা কাশ্যপ।
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, সব প্রিয় মুখগুলো একসঙ্গে দেখে ভালো লাগছে। আমরা একটি মহৎ কাজের জন্য সবাই এক হয়েছি। আমরা কেন এই আয়োজনে শুরু করলাম, তা জানা দরকার। আসলে আমরা সবাই ঘরেবন্দি তাই বলে কি আমাদের জীবন থেমে থাকবে? আমরা বীরের জাতি আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য আরটিভির এই ফোক রিয়েলিটি শো। আমাদের ট্যাগলাইন ‘ঘরেবন্দি সময়ে লোকগানের প্রতিযোগিতা’।
সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমাদের দেশের মাটিটা ফোক গানের। যারা এই দেশ ছেড়ে বাইরে আছেন তাদের অনেকে এই গানের চর্চা করছেন। আমরা বাংলার গায়েন খুঁজছি। আপনার গান ভালো হলে দর্শক আপনাকে খুঁজে নেবেন। আশা করছি, দেশ-বিদেশের শিল্পীরা এতে অংশ নেবেন। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
বরেণ্য সংগীত পরিচালক ও শিল্পী এসআই টুটুল বলেন, অনলাইনে অনেক গুণীজনের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে। যে মানুষগুলো এই আয়োজনে যুক্ত হবেন, অনলাইনে হলেও আমরা যে এগিয়ে যাচ্ছি এটা ভালো লাগছে। আমরা থেমে থাকব না, মন খারাপ করে লাভ নাই। হয়তো এক সময় চলে যাব কিন্তু থেমে থাকব না, আরটিভির এই ফোক আয়োজন একটা মাইলফলক।
রিয়েলিটি শো নিয়ে শওকত আলী ইমন বলেন, এই মুহূর্তে এমন একটা শো দরকার ছিল। অনেক শিল্পী ঘরে বসে আছেন। তাদের একটা চর্চা করার সময়। আরটিভি এই সময় এগিয়ে এসেছে সেজন্য ধন্যবাদ। আশা করি, দেশ-বিদেশের ভালো কিছু শিল্পী আমরা পাবো।
নগরকন্ঠ.কম/এআর