রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মহামারি করোনার কারণে দীর্ঘ আড়াই মাস চলচ্চিত্রের সব কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে শুটিংসহ চলচ্চিত্রের সব কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হয়েছে।
শুটিংয়ের অনুমতি পাওয়ার পরই বিএফডিসিতে ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং শুরু করেন পরিচালক শামীম আহমেদ রনি। গতকাল সোমবার সিনেমাটির শুটিং শেষ করেন তিনি। করোনার কারণে অল্পসংখ্যক লোকবল নিয়ে সিনেমাটির শুটিং সম্পন্ন করেছেন এই নির্মাতা।
শামীম আহমেদ রনি রাইজিংবিডিকে বলেন— শুটিংয়ের জন্য যে পরিমানে লোকজন প্রয়োজন ছিল করোনার কারণে তা নিতে পারিনি। কম সংখ্যক লোক নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুটিং শেষ করেছি। এখন শুধু একটি রোমান্টিক গান বাকি আছে। করোনা পরিস্থিতি ভালো হলে বিদেশ গিয়ে গানটির শুটিং করব।’
বিমান চলাচল স্বাভাবিক হলেই থাইল্যান্ডে এই রোমান্টিক গানের শুটিং করতে যাবেন শ্রাবন্তী ও শান্ত খান। এই গানটির জন্য অপেক্ষায় আছেন বলে রাইজিংবিডিকে জানান চিত্রনায়ক শান্ত খান।
গত বছর শুরু হয় ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবং বাংলাদেশের চিত্রনায়ক শান্ত খান। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমা গত রোজার ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে বন্ধ হয়ে যায় এর কার্যক্রম।
শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমায় শ্রাবন্তী-শান্ত ছাড়াও অভিনয় করছেন বলিউডের রাহুল দেব। সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন সানি লিওন। মুম্বাইয়ে সেট তৈরি করে গানটির শুটিংও সম্পন্ন হয়েছে। নৃত্য পরিচালনা করেছেন ভারতের বব ও পাবন। গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কোনাল।
নগরকন্ঠ.কম /এআর