রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুর ঘটনার জেরে স্বজনপ্রীতির অভিযোগে তোলপাড় বলিউড। সুশান্তের এই অকাল মৃত্যুতে সালমান খান, করণ জোহরের মতো বলি সেলিব্রেটিদের স্বজনপ্রীতিকে দায়ী করা হচ্ছে।
সেই ঘটনার ঢেউ এসে আছড়ে পড়েছে কলকাতার সিনেপাড়া টালিউডেও।
এবার স্বজনপ্রীতির কারণে সিনেমায় মূল্যায়ন পাননি বলে কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের ওপর বিস্ফোরক অভিযোগ তুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
টালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে প্রসেনজিতের প্রেমের সম্পর্কের কারণে তাকে কাজ হারাতে হয়েছে বলে দাবি করেন শ্রীলেখা।
নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে আমারও কেউ নেই। সেই কারণেই সুশান্ত কি কষ্টে ছিলেন আমি অনুভব করতে পারছি। এই ইন্ডাস্ট্রিতে গডফাদার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গডফাদার হলেন সেই ব্যক্তি, যিনি কোনো কিছুর বিনিময়ে শিল্পীদের কাজ পাইয়ে দেয়। আমার সময় প্রসেনজিত, চিরঞ্জিত, প্রয়াত তাপস পাল ছিলেন ইন্ডাস্ট্রির গডফাদার। তাদের মধ্যে প্রসেনজিতের আধিপত্য ছিল বেশি। তার কথায় টালিউড চলত। সে সময় যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে হয়েছে। নায়িকা করা হয়েছিল ঋতুপর্ণাকে।
শ্রীলেখা বলেন, প্রসেনজিতের সঙ্গে প্রেম চলছিল ঋতুপর্ণার। সেই সুযোগ নিয়ে ঋতুপর্ণা দেরি করে আসতেন, তারপরও তাকেই নায়িকা চরিত্রে নেয়া হত। আর সে কারণেই টেলিভিশনে বেশি কাজ করতে শুরু করি আমি।
ক্ষোভ উগড়ে দিয়ে শ্রীলেখা বলেন, আমি কারো সঙ্গে জুটি করতে পারলাম না। কোনো নায়ক, পরিচালক, প্রযোজকের সঙ্গে প্রেম করিনি। তাহলে আমাকে কে কাজ দেবে? সুন্দরী হওয়ার সুযোগ নিইনি আমি।
নগরকন্ঠ.কম/এআর