রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক , নগরকন্ঠ.কম : গত রোজার ঈদে অনলাইনে প্রকাশিত তিনটি ওয়েব সিরিজে অশ্লীলতা নিয়ে মিডিয়া অঙ্গনে বেশ বিতর্ক চলছে। দুটি পক্ষ ইতোমধ্যে এর পক্ষে-বিপক্ষে তাদের বিবৃতি দিয়েছেন। ক্ষুব্ধ অনলাইনের সব দর্শক।
ক্ষুব্ধ সচেতন অভিনেতা ও নির্মাতারা। জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরও ওয়েব সিরিজে অশ্লীল দৃশ্য নিয়ে নিজের আক্ষেপ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। ওয়েব সিরিজ নয়, তিনি মূলত অশ্লীলতার বিরুদ্ধে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্প্রতি দেখা গেছে, কয়েকটি ওয়েব সিরিজের কিছু দৃশ্য একেবারেই বিতর্কিত ও নোংরা। এসব সিরিজ এবং এর সঙ্গে সম্পৃক্ত সবাইকে বয়কট করা উচিত। অভিনয় একটি পেশা। অথচ এ পেশাকে কিছু অসৎ লোক কলুষিত করছে। পুরো শোবিজ জগতকে বিতর্কিত করছে।
এসব অসভ্য লোকের হাতে কাজ না থাকলে আলু-পটোল বিক্রি করতে পারে; কিন্তু তারা কেন এসব অশ্লীল ওয়েব নাটক বানিয়ে মানুষের মনে শোবিজ নিয়ে বিরূপ ধারণার সৃষ্টি করছে তা বুঝি না।
’ প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে হাসান জাহাঙ্গীর নিজের মেগা সিরিয়াল ‘চাপাবাজ’সহ একাধিক নাটকের শুটিং বন্ধ রেখেছেন। বর্তমানে বাসায় অবস্থান করছেন তিনি। ইতোমধ্যে তিনটি নতুন ধারাবাহিক নাটকের স্ক্রিপ্ট লিখেছেন। দেশের সার্বিক পরিস্থিতি ঠিক হলে এ ধারাবাহিকগুলোর কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
নগরকন্ঠ.কম/এআর