রবিবার, ১২ Jul ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের এই ঘরবন্দি সময়ে আত্মজীবনী লেখা নিয়েই ব্যস্ত রয়েছেন দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান। একাধারে তিনি পল্লীগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত ও প্লেব্যাক সিঙ্গার। গানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা, সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। জীবনে প্রথম রেডিওতে ‘খেলাঘর’ অনুষ্ঠানে গান করেন ১৯৪৮ সালে।
‘আসিয়া’ ছবিতে তারই বাবা পল্লী সম্রাট আব্বাসউদ্দিনের সুরে আব্দুল করিমের লেখা ‘ও মোর কালারে’ গানের মাধ্যমে প্লেব্যাকে অভিষেক ঘটে। এরপর প্রায় ২৬০টি ছবিতে গান গেয়েছেন তিনি। তিনটি লং প্লে, ৫০০ ডিস্ক রেকর্ড, বিশটি ক্যাসেটসহ পাঁচ হাজারেরও বেশি গান রেকর্ড করা হয়েছে তার।
জীবন চলার পথে এসব ঘটনা এবার লিপিবদ্ধ করছেন আত্মজীবনীতে। এরই মধ্যে লেখার কাজ অনেকটা শেষ করেছেন। আজ এ সঙ্গীতশিল্পীর জন্মদিন। দিনটি তিনি ঘরেই কাটাবেন। এ প্রসঙ্গে ফেরদৌসী রহমান বলেন, দেশের সার্বিক যে পরিস্থিতি তাতে আমার জন্মদিন কারও কাছেই তেমন গুরুত্ব বহন করে না। আমি চাই আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আবার যেন সবার সঙ্গে প্রাণ খুলে গল্প করতে পারি, সবার মুখে যেন হাসি দেখতে পারি। অন্যের হাসির মাঝেই নিজের সুখ না হয় খুঁজে নেব।’
নগরকন্ঠ.কম/এআর