রবিবার, ১২ Jul ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

চলে গেলেন বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান ২ জুলাই মধ্যরাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০ জুন শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের বান্দ্রার গুরুনানক হাসপাতালে ভর্তি হন সরোজ খান। অন্যান্য লক্ষণ না থাকলেও শ্বাসকষ্ট থাকায় তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে সেই রিপোর্ট নেগেটিভ আসে।

মূলত ঠাণ্ডা লাগার জন্যই তার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। ২৪ জুন পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পর্যবেক্ষণে থাকলেও সরোজ খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল; কিন্তু হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরপারে পাড়ি জমান। প্রখ্যাত এ কোরিওগ্রাফারের মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড।

চার দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় দুই হাজারেরও বেশি গানের কোরিওগ্রাফি করেন সরোজ খান। কাজের স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় পুরস্কার পান তিনি। মাত্র ৩ বছর বয়সে ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন সরোজ খান। ১৯৭৪ সালে ‘গীতা মেরা নাম’ সিনেমায় কোরিওগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। ১৯৮৭ সালের ‘হাওয়া হাওয়াই’ থেকে শুরু করে দেবদাসের ‘ডোলা রে ডোলা’সহ একাধিক গানে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ২০১৯ সালে ‘কলঙ্ক’ ছবিতে মাধুরী দীক্ষিতের গানে শেষবারের মতো কোরিওগ্রাফি করেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com