রবিবার, ১২ Jul ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : তিন মাস বন্দিজীবন কাটিয়ে অবশেষে ঈদের নাটকে অভিনয়ের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন নাবিলা ইসলাম। ২৭ জুন থেকেই কাজ শুরু করেছেন তিনি। এরই মধ্যে শরাফ আহমেদ জীবনের নির্দেশনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। গতকাল থেকেই বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে।
এ ছাড়া আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘আচড়’, খণ্ডনাটক ‘ভেরিফিকেশন’ ও ‘কদম আলী পাহারাদার’-এর কাজ শেষ করেছেন। শিগগিরই অভিনয় করবেন ‘সেদিন বৃষ্টি এসেছিল’ নামে আরও একটি খণ্ড নাটকে।
এর গল্পটি বেশ পছন্দ হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনা করবেন এমদাদুল হক খান। ১২ ও ১৩ জুলাই রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকের শুটিং হবে।
করোনার এ ক্রান্তিকালে নাটকের কাজ করা প্রসঙ্গে নাবিলা ইসলাম বলেন, ‘এরই মধ্যে বিজ্ঞাপন এবং নাটকের কাজ করেছি। মনে প্রচণ্ড ভয় নিয়েই কাজ করছি। যারাই কাজ করছেন প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার সর্বোচ্চ চেষ্টা করছেন। আমি নিজেকে যতটা নিরাপদে রেখে শুটিং করা যায় সে চেষ্টা করছি। যেহেতু অভিনয়ই পেশা, তাই করোনার এ দুঃসময়ে যথাযথভাবে নিয়ম মেনেই পেশাগত কাজ করে যেতে হবে।’
নগরকন্ঠ.কম/এআর