শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

জুটি বাঁধলেন তারিন-সালমান মুক্তাদির

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। অন্যদিকে সালমান মুক্তাদির ইউটিউবার হিসেবেই অধিক পরিচিত। এবার জুটি বেঁধে অভিনয় করলেন তারা।

ঈদুল আজহা উপলক্ষে চয়নিকা চৌধুরী নির্মাণ করছেন একক নাটক ‘মেঘলা মনের মেয়ে’। অসম প্রেমের গল্প নিয়ে এটি রচনা করেছেন ফারিয়া হোসেন। এতে একসঙ্গে দেখা যাবে তাদের।

এটি চয়নিকা চৌধুরী নির্মিত ৪০১ নম্বর নাটক। নির্মাণ ক্যারিয়ারে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে সবচেয়ে বেশি কাজ করেছেন তিনি। আর দ্বিতীয় শিল্পী হলেন তারিন। যাকে নিয়ে তিনি ৭১টি নাটক নির্মাণ করেছেন।

তারিনের সঙ্গে অনেক কাজ করলেও দীর্ঘ দিন একসঙ্গে কাজ করেননি তারা। অর্ধযুগ পর একসঙ্গে কাজ করলেন চয়নিকা-তারিন।

এ নির্মাতা বলেন—প্রায় ছয় বছর পর তারিনের সঙ্গে কাজ করছি। এই গুণী অভিনয়শিল্পীর সঙ্গে অসংখ্য কাজ করেছি। দীর্ঘ সময় পরে হলেও শুটিংয়ে সেই তারিনকেই পেলাম। স্ক্রিপ্ট নিয়ে ভাবা, আলোচনা করা, রিহার্সেল করা—সবই ঠিক আগের মতোই রয়েছে।

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন—সামিয়া অথৈ, মিলি বাশার প্রমুখ। গতকাল মিরপুরের ডিওএইচএসে নাটকটির শুটিং শুরু হয়। ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে নাটকটি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com