শনিবার, ১১ Jul ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

ইউনিটের সদস্য করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে অপূর্ব-মেহজাবিন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : দীর্ঘ দিন পর গতকাল (৮ জুলাই) পরিচালক মিজানুর রহমান আরিয়ান নতুন নাটকের শুটিং শুরু করেন।

ইউনিটের সবার করোনা পরীক্ষা করানোর পর শুটিংয়ে নামেন তিনি। কিন্তু দ্বিতীয়বার করোনা পরীক্ষার পর ইউনিটের দুজনের করোনা পজিটিভ এসেছে। এরপর দ্রুত শুটিং বন্ধ করে দেন নির্মাতা-প্রযোজক।

‘প্রাণপ্রিয়’ নামে একক এ নাটকে জুটি বেঁধে অভিনয় করছিলেন মেহজাবিন ও অপূর্ব। স্বাভাবিক কারণে পুরো শুটিং ইউনিটের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অপূর্ব-মেহজাবিনও এখন কোয়ারেন্টাইনে রয়েছেন।

মেহজাবিন বলেন—গতকাল সন্ধ্যার পর থেকে বাসায় আলাদা থাকছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। কাল বা পরশু আবারো করোনা পরীক্ষা করাবো।

মিজানুর রহমান আরিয়ান বলেন—পুরো টিমের সদস্যদের করোনা পরীক্ষার নেগেটিভ ফল নিয়েই শুটিং শুরু করেছিলাম। শুটিংয়ের প্রথম দিন সন্ধ্যায় ইউনিটের দুজন অল্প অসুস্থবোধ করেন। তারপর প্রযোজক ওই দুজনকে আবারো করোনা পরীক্ষা করান। তাদের কোনো লক্ষণই ছিল না, কিন্তু করোনা পজিটিভ এসেছে। তারপর শুটিং বন্ধ করে দিয়েছি।

ঈদুল আজহা উপলক্ষে ‘প্রাণপ্রিয়’ নাটকটি নির্মাণ করছিলেন আরিয়ান। আর মাত্র দুটি দৃশ্যের শুটিং বাকি ছিল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com