শনিবার, ১১ Jul ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

পার্টিতে যাওয়ায় করন জোহরকে কটাক্ষ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড নির্মাতা করন জোহর। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তোপের মুখে রয়েছেন তিনি।

সম্প্রতি গুঞ্জন শোনা যায়, সুশান্তের ঘটনার পর মুষড়ে পড়েছেন করন জোহর। ‘কাই পো চে’ সিনেমাখ্যাত এই অভিনেতার ভক্তদের বিদ্বেষমূলক মন্তব্যের পর সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি।

এই নির্মাতার ঘনিষ্ঠ একজন সূত্র ভারতীয় মিডিয়ায় বলেন, ‘করন সম্পূর্ণ ভেঙে পড়েছেন। দীর্ঘদিন ধরে বিদ্রূপ শোনার পর তার মনে হয়েছে সহ্য ক্ষমতা বেড়ে গেছে। কিন্তু সুশান্তের মৃত্যুর পর তিনি যে বিদ্রূপ শুনেছেন তা তাকে বিধ্বস্ত করে ফেলেছে। এমনকি তার ঘনিষ্ঠজনরাও তাকে আক্রমণ করছে এতে তিনি নিজেকে অপরাধী মনে করছেন। তার তিন বছরের যমজ সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।’

কিন্তু এর মধ্যে অভিনেত্রী নিতু কাপুরের জন্মদিনের পার্টিতে যোগ দিয়ে ফের সমালোচনার মুখে পড়েছেন এই নির্মাতা। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার জন্মদিনের পার্টির একটি ছবি পোস্ট করেছেন নিতু কাপুর। এতে রণবীর কাপুর, রিদ্ধিমা কাপুর সঙ্গে করন জোহরকেও দেখা যায়।

ছবির ক্যাপশনে নিতু কাপুর লিখেছেন, ‘সবচেয়ে ধনী সে যার কিছু সুসম্পর্কের মানুষ রয়েছে। আমাদের সকলেরই প্রিয়জনের ভালোবাসা, সহযোগিতা ও শক্তির প্রয়োজন। আজ নিজেকে সবচেয়ে ধনী মনে হচ্ছে।’

তবে এই পরিস্থিতিতে পার্টিতে যাওয়ায় করন জোহরকে কটাক্ষ করেছেন অনেকেই। একজন মন্তব্য করেছেন, ‘আমরা সবাই শুনছি করন জোহর কান্নাকাটি করছে। লোক দেখানো ও ভন্ডামির একটা সীমা থাকা উচিত!’ অপর একজন লিখেছেন, ‘শুনলাম করন জোহর কেঁদেই চলেছেন, অন্তত এখানে দেখে তো এমনটা মনে হচ্ছে না।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com