শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

মাসুদ সেজানের ঈদের নাটকে চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : রাসেল ও শায়লা দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করে। প্রেমের সময়টাতে সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু বিয়ের পর হঠাৎ রাসেলের প্রেমিক চরিত্রটি উধাও হয়ে যায়।

রাসেল একটা সময় শায়লাকে খুশি করার জন্য অস্থির থাকত। সেই রাসেল এখন উঠতে-বসতে, কথায় কথায় শায়লাকে খোঁচা দিয়ে কথা বলে। চুন থেকে পান খসলেই মানসিক নির্যাতনের চূড়ান্ত আচরণ করে।

শায়লা রাসেলের এই পরিবর্তনটাকেই একটা পর্যায়ে স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছিল। কিন্তু বছর দু’য়েক পর একটা বিপত্তি বাধে।

হঠাৎ একদিন ঘুম থেকে উঠেই রাসেল আবার সেই আগের প্রেমিক চরিত্রটি হয়ে যায়। শায়লার মনে সন্দেহ দানা বাঁধে। শায়লা রাসেলের এই হঠাৎ পরিবর্তনের রহস্য বের করার অনুসন্ধানে নামে।

এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। এতে রাসেলের চরিত্রে চঞ্চল চৌধুরী এবং শায়লা চরিত্রে শবনম ফারিয়া অভিনয় করেছেন।

এ নাটক প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, নাটকের গল্পে নতুনত্ব আছে। আর একটি দর্শকপ্রিয় নাটকের সিক্যুয়াল বলা যায় এই নাটকটিকে। আশা এটি দর্শকের ভালো লাগবে।

শবনম ফারিয়া বলেন, মাসুদ সেজান ভাইয়ের নাটকে সব সময় কিছু বক্তব্য থাকে। এবারের নাটকটিও তার ব্যতিক্রম নয়। অভিনয় করে বেশ ভালো লেগেছে। আশা করছি নাটকটি দর্শকেরও ভালো রাগবে।

নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান বলেন, বাংলাভিশনে গত কয়েক বছর ধরেই প্রতিটি ঈদে আমার নির্মিত ‘চরিত্র’ সিরিজটি দর্শক দেখে আসছেন। চরিত্র: ভোটার, চরিত্র: নেতা, চরিত্র: স্বামী, চরিত্র: স্ত্রী, চরিত্র: ভাড়াটিয়া’র পর এবার ঈদে ‘চরিত্র: প্রেমিক’ নিয়ে দর্শকের সামনে আসছি।

এই সিরিজটির প্রতি দর্শকের যে ভালবাসা ও ভালোলাগার প্রকাশ দেখতে পেয়েছি, আমার বিশ্বাস ‘চরিত্র: প্রেমিক’ দেখেও তারা বিনোদিত হবেন।

প্রসঙ্গত, নাটকটি ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৯টা ৫৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com