বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : সাধ এবং সামর্থ্য; কোনোটাতেই কমতি নেই। তবু যত অলসতা। শৌখিন কাজে মন টানে। তবে ঝামেলা অনেক। এ ভেবে আর সামনে এগোনো হয় না।
ব্যালকনিতে একটু বাগান, কিছু পোষা পাখি, অ্যাকুরিয়ামে মাছ আরও কত কী। এ শৌখিন কাজগুলো যতটা না লাভজনক, তার চেয়ে বেশি আনন্দময়। একঘেয়েমি দূর করতে সহায়ক। লক্ষ কোটি টাকা দরকার নেই। একটুখানি সদিচ্ছা থাকলেই হয়, ঘরেই আসতে পারে প্রাকৃতিক আবহ। পাখির ডাকে ভাঙতে পারে ঘুম।
বিষমুক্ত সবজিতে হতে পারে পেটপূজা। পরিত্যাক্ত সব জিনিস। বাবুর নষ্ট খেলনা, ব্যায়াম করার নষ্ট যন্ত্রপাতি, নষ্ট সাইকেল, হাঁড়ি, পাতিল, প্লাস্টিকের বোতল আরও কত কী। এসব দিয়ে ব্যালকনি ভরে রেখেছেন।
লাভটা কী শুনি? বরং অলসতাকে না বলি। ব্যালকনির টবে সবজি, ফল, ফুলের গাছ রাখতে পারেন। সবই হয় আজকাল। টব, মাটি, গাছ সব নার্সারিতে পাওয়া যাবে। এমনকি টবে গাছ বসিয়েও আনা যায়।
জৈব সার, মাটি এসব দিয়ে। তাহলে আর ঝামেলাই থাকল কোথায়? রুটিন করে দুবেলা পানি দেয়া, পোকামাকড় ধরলে ওষুধ দেয়া। গাছ বড় হলে তা বেয়ে উঠার জন্য লাঠি দিতে হবে। এ হল যত্মআত্তি।
গাছের পাশে নানা রঙের পোষা পাখি থাকতে পারে। বাজরিগার, ফিঞ্চ, ডোভ ইত্যাদি ছোট চঞ্চল পাখি। পাখির খাঁচা, পাখির খাবার, পাখি সবই পাওয়া যাবে পাখির দোকানে।
সরাসরি বাতাস, বৃষ্টির পানি যেন না লাগে, লক্ষ রাখতে হবে। ঘরে আমরা যেসব ফল-মূল খাই প্রায় সবই পোষা পাখিকে দিতে পারবেন; শাকসবজিও দেয়া যায়। খাঁচা ছাড়াও পাখি পালা যায়। ব্যালকনির কিছু জায়গা নিয়ে পার্টিশন দিন। তার মধ্যে পাখি ছেড়ে দিলেই হল। বসার লাঠি, খাবারের পাত্র এসব ফিট করে।
ওরা মনের সুখে ওড়াউড়ি করবে। আপনি মুগ্ধ হয়ে তা দেখবেন। শৌখিন কাজের জন্য বাড়তি সময় বের করা লাগে না। অলস সময়, অখণ্ড অবসর যখন, সেটাই কাজে লাগাতে পারেন।
শরীরের ব্যায়ামও হবে। মানসিক প্রশান্তির ব্যাপারটা তো আছেই। স্ত্রী-বাচ্চাদের সঙ্গে রাখুন। তারা থাকুক এ কাজে সম্পৃক্ত।
বাচ্চাদের গ্যাজেট আসক্তি কমবে। বউয়ের সিরিয়াল প্রেমে ভাটা পড়বে। উপযুক্ত কাজে সবার অবসর সময় আনন্দময় হবে। তবে যে শৌখিন কাজই করুন না কেন, একটু জেনে-শুনে নিতে হবে।
ফেসবুকে পাখি, গাছবিষয়ক অসংখ্য গ্রুপ আছে। সেখানে গেলে যেমন জানতে পারবেন, তেমনি কোনো সমস্যায় পড়ে পোস্ট দিলে সাহায্য পাবেন। অনলাইনে প্রয়োজনীয় সব কেনা যায়।
শৌখিন কাজগুলো এখন অনেক সহজ হয়ে গেছে। আগের মতো ঝক্কি-ঝামেলা নেই একদম। শুধু দরকার আপনার সদিচ্ছা আর লেগে থাকা। তাহলে সফলতা নিশ্চিত। শখ থেকে আসতে পারে সাফল্য। পেতে পারেন অন্যদের ভূয়সী প্রশংসা।
কোথায় কী পাবেন: টব, গাছ, গাছের জন্য সার সবকিছু নার্সারিতে পাওয়া যাবে। পোষা পাখি, খাঁচা পাখি বিক্রির দোকানে পাবেন। গাছের জন্য স্ট্যান্ড চাইলে অর্ডার দিয়ে বানাতে পারেন।
অনলাইনেও কিনতে পাওয়া যায়। টব ৩০ থেকে ৩০০ টাকা, মাটি বস্তা প্রতি ৬০ থেকে ১০০ টাকা, জৈব সার ৫০ টাকা দাম। পাখির খাঁচা সাইজ অনুপাতে ৫০০ থেকে ১৫০০ টাকায় পাবেন।
নগরকন্ঠ.কম/এআর