শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

যে ২ কারণে এখনও কথা বলেন না ঐশ্বরিয়া ও রানি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও রানি মুখার্জির মধ্যে চরম দ্বন্দ্ব রয়েছে- এ কথা সিনেপ্রেমীদের অনেকেরই জানা।

দুজন দুজনকে এতোটাই অপছন্দ করেন যে, নিজেদের বিয়েতে একে অপরকে নিমন্ত্রণ করেননি তারা। এমনকি ভুলক্রমে কোথায় দেখা হয়ে গেলে কথাও বলেন না তারা।

কোন দুই কারণে এই দুই সেরা অভিনেত্রী একে অপরের শত্রুতে পরিণত হলেন তা জানা নেই অনেকের।

এ বিষয়ে বলিমহলের গুঞ্জন, বলিউডের দুই খান ও পরে বিগবি পুত্র অভিষেক বচ্চনের জন্যই এই দুই অভিনেত্রীর মাঝে দূরত্ব বেড়েছে।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে প্রকাশ, ১৯৯৭ সালে ‘রাজা কি আয়েগি বারাত’ সিনেমার মধ্যে দিয়ে বলিউডে অভিষেক ঘটে রানি মুখার্জির। ওই একই বছরে কাছাকাছি সময়ে ‘অউর প্যায়ার হো গায়া’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন ঐশ্বরিয়া। দুজনেরই প্রথম ছবি ব্যবসাসফল হয়নি। তবে ফ্লপ ছবি উপহার দিলেও সৌন্দর্য আর অভিনয় দক্ষতা দিয়ে নতুন ছবিতে কাজ পেয়ে যান দুজনেই।

১৯৯৮ সালে আমির খানের সঙ্গে ‘গুলাম’ ছবিতে অভিনয় করে তারকা খ্যাতি পান রানি। সুপারহিট হয় সিনেমাটি। এদিকে সালমান খানের সঙ্গে ‘হম দিল দে চুকে সানাম’ ছবিতে অভিনয় করে খ্যাতির জনপ্রিয়তা ঐশ্বরিয়াও। ওই সময় রুপালী পর্দা এবং বাস্তবে সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার প্রেম সিনেপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

সালমানের সঙ্গে সম্পর্কের দরুণ কিং খান শাহরুখের সঙ্গেও সখ্য গড়ে ওঠে ঐশ্বরিয়ার। শাহরুখের অনুরোধে ‘মহাব্বতে’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন ঐশ্বরিয়া। এ জুটির ‘দেবদাস’ ছবিটি বলিউডে ইতিহাস গড়ে। তাদের জুটিকে পছন্দ করে সিনেপ্রেমীরা।

সেই ধারাবাহিকতায় ২০০৩ সালে ‘চালতে চালতে’ ছবিতে শাহরুখের বিপরীতে কাস্ট করা হয় ঐশ্বরিয়াকে। ছবির শুটিংও শুরু হয়। কিন্তু সেই সময় ঐশ্বরিয়া ও সালমানের ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরে। সালমান ঐশ্বরিয়াকে সন্দেহ করতে থাকেন। প্রায়ই বিভিন্ন শুটিং সেটে গিয়ে ঝামেলা পাকাতে দেখা যায় সালমানকে। ‘চালতে চালতে’ ছবির সেটে এসেও একদিন আচমকাই ঝামেলা জুড়ে দেন সালমান।

এতে শাহরুখ ক্ষেপে যান। কিন্তু বন্ধুর সঙ্গে কোনো ঝামেলায় না জড়াতে ছবি থেকে ঐশ্বরিয়াকে বাদ দেন শাহরুখ। তার স্থলে নেন রানি মুখার্জিকে। এতে তেলেবেগুনে জ্বলে ওঠেন ঐশ্বরিয়া। তাকে না জানিয়ে হঠাৎ ছবি থেকে বাদ দিয়ে রানিকে নেয়ায় খুব কষ্ট পান ঐশ্বরিয়া।

পুরো ঘটনার জন্য অনেকটা রানিকে দায়ী করেন তিনি।

তবে তাতেও রানির সঙ্গে টুকটাক কথা বলা চালিয়ে যাচ্ছিলেন ঐশ্বরিয়া।

কিন্তু এরপর ঘটল আরেকটি ঘটনা। সে সময় অমিতাভপুত্র অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক চলছিল রানির। কিন্তু সে সময় ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে ঐশ্বরিয়ার প্রেমে পড়েন অভিষেক।

বলিমহলের বাতাসে ভেসে বেড়ায়, সালমান খান এবং বিবেক ওবরয়ের সঙ্গে বিচ্ছেদের পরেই অভিষেকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ঐশ্বরিয়া।

ঘটনার সত্যতা মিললে অভিষেকের সঙ্গে বিচ্ছেদ ঘটান রানি। এরপর ঐশ্বরিয়াকেই বিয়ে করেন অভিষেক।

অভিষেক-ঐশ্বরিয়ার বিয়েতে গোটা বলিউড নিমন্ত্রিত থাকলেও ডাকাও হয়নি রানিকে। রানিও প্রতিশোধ নিয়েছেন। আদিত্য চোপড়াকে বিয়ে করার সময়েও তিনি আমন্ত্রণ জানাননি ছোটে বচ্চন দম্পতিকে।

প্রকাশ্যে কখনও এ বিষয়ে দুই নায়িকা মুখ না খুললেও বলিপাড়ার সবাই জানেন, কি কারণে এই দুই অভিনেত্রী ঠাণ্ডা লড়াইয়ে লিপ্ত।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com