বুধবার, ১০ Jun ২০২৬, ১১:০১ অপরাহ্ন
লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : চলতি বছরের দুই ঈদ পালন করা হচ্ছে করোনার সঙ্গে। এ সময় সুস্থ থাকা অন্য সময়ে চেয়ে কঠিন।
সময়ের নিয়মে ঈদ এলেও সচেতন থাকতে হবে। কারণ আপনি করোনায় আক্রান্ত হতে পারেন।
এ বিষয়ে হোলি ফ্যামিলি হাসপাতালের কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. উত্তম কুমার দাস যুগান্তরকে বলেন, মহামারী করোনাভাইরাসে আক্রান্তেও সংখ্যা কমছে না, আর বাড়ছে মৃতের সংখ্যাও। এই ভাইরাসের এখনও যেহেতু কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি, তাই প্রতিরোধই হচ্ছে একমাত্র ব্যবস্থা। আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি বলেন, ঈদের সময়ে সংক্রমণের ভয় অন্য সময়ের চেয়ে বেশি। তাই কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে।
আসুন জেনে নিই কী করবেন-
১. করোনার এই সময়ে সচেতন থাকুন। ঘরবাড়ি জীবাণুমুক্ত রাখুন।
এ ছাড়া কোরবানির পশু জবাইয়ের পর সেই স্থানও দ্রুত পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।
২. খাবার খাওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। এ সময় সংক্রমণ ঠেকাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। তাই এমন খাবার খেতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ সময় অতিরিক্ত তেল-ঝোল ও বেশি মসলাদার খাবার এড়িয়ে চলুন। মাংস খাওয়ার পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান।
৩. এ সময় বাড়িতে অতিথি না আসাই ভালো। আর অতিথি আপ্যায়ন করলেও সচেতন হতে হবে। ঘরে ঢোকার আগে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করুন। আর খাবার খাওয়ার পর থালাবাসন ধুয়ে ফেলুন।
৪. কোরবানির মাংস একদিনে খাওয়া সম্ভব নয়। তাই মাংস জ্বাল দিয়ে ও ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। সে ক্ষেত্রে ফ্রিজ জীবাণুমুক্ত করে নিতে হবে।
৫. মাংস খেয়ে ক্যালোরির পরিমাণ বাড়ে। তাই প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন ও হাঁটুন।
নগরকন্ঠ.কম/এআর