শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : এই শহরে বসবাসের জন্য আদর্শ বাসা নিয়ে অভিযোগ আর অসহায়ত্বের সীমানা নেই ভাড়াটিয়াদের। ব্যাচেলরদের বেলায় সেই অসহায়ত্ব হয়ে ওঠে নিয়তির লিখন।
এসব মেনে নিয়েই এ শহরের মানুষ জীবনযুদ্ধ করে যাচ্ছে। ব্যতিক্রম দেখা গেল শুধু একজনকে। অভিনেতা আফরান নিশো। তিনি সিদ্ধান্ত নিলেন, এভাবে বাড়িওয়ালাদের সঙ্গে পরাজিত হয়ে আর নয়। তিনি একাই একশ’। বাকি জীবন কাটিয়ে দেবেন নিজের গাড়িতেই। যেখানে তার নিত্যপ্রয়োজনীয় সব জিনিস থাকবে।
তিনি মনে করেন, এটাই এই শহরে হওয়া দরকার- যদি বাঁচতে হয়।
এমন এক গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। গল্পটাও তারই, নাম ‘একাই ১০০’। চলতি সপ্তাহে শুটিং শেষ হওয়া এই নাটকে আফরান নিশোর বিপরীতে আছেন মেহজাবীন চৌধুরী।
আরিয়ান বলেন, ‘ব্যাচেলরদের বাসা বিড়ম্বনার নানা ঘটনা থেকেই গল্পটি মাথায় আসে। কাজটি শেষ করলাম মাত্রই। আমার মনে হচ্ছে, একটু ভিন্ন কিছু হবে। মানে বেশ মজা পাবেন দর্শকরা।’
আরিয়ান জানান, নাটকে আফরান নিশোর এ ভ্রাম্যমাণ বাসার ঠিকানা হল স্থানীয় শৌচাগার থেকে এক মিনিট দূরত্বে। কারণ তার গাড়িতে সব থাকলেও টয়লেটটা নেই। সে জন্যই বুদ্ধি করে টয়লেটের নিকটবর্তী অঞ্চলে তার গাড়িটি পার্ক করা।
আরিয়ান বলেন, ‘এভাবে নিজ গাড়িতে ভালোই চলছিল এই বিদ্রোহী ব্যাচেলরের জীবন। কিন্তু বিপত্তি হলো তার জীবনেও একটি প্রেম আসে। কিন্তু গাড়িতে তো দুজনের থাকার ব্যবস্থা নেই। যে নিজেকে এতদিন একাই একশ’ ভাবছিল, তার প্রেমের পরিণতি কী হবে এখন? এই প্রশ্নের উত্তর মিলবে নাটকের শেষাংশে।’ ৩ আগস্ট রাত ৯টা ৩০ মিনিটে নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। তারও এক ঘণ্টা আগে এটি প্রচার হবে দীপ্ত টিভিতে।
নগরকন্ঠ.কম/এআর