শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

এবার বিদ্যুৎ বিল দেখে চমকে গেলেন আশা ভোসলে

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশের মতো ভারতেও ভুতুড়ে বিদ্যুৎ বিলের শিকার হচ্ছেন অনেকে। দেশটিতে লকডাউন চলাকালীন ইচ্ছামতো বিল বানিয়ে গ্রাহকের কাছে পাঠাচ্ছে বিদ্যুৎ অফিস। ভুক্তোভোগীদের তালিকায় সাধারণ মানুষ থেকে শুরু করে রয়েছেন সেলিব্রেটিরাও।

কয়েকদিন আগে অন্য সব মাসের তুলনায় সাতগুণ বেশি বিদ্যুৎ বিল দেখে ভড়কে গিয়েছিলেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং।

এবার নিজের বিদ্যুৎ বিল দেখে চমকে গেলেন দেশটির কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে। শুধু তিনিই নন, তার বিদ্যুৎ বিলের অঙ্ক দেখলে যে কারও চোখ কপালে উঠবে।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, আশা ভোসলের লোনাভোলার বাংলোর বিদ্যুতের বিল এসেছে ২ লাখ ৮ হাজার ৮৭০ রুপি। বিলে এত পরিমাণ অঙ্ক দেখে প্রথমে চমকে উঠলেও পরে চটে যান তিনি । যেজন্য মহারাষ্ট্র বিদ্যুৎ সংস্থা মহাডিস্কমের কাছে অভিযোগ জানান।

অভিযোগে আশা ভোসলে প্রশ্ন ছুড়েন, যে বাড়িতে এর আগের দুই মাসে যথাক্রমে ৮ হাজার ৮৫৫ এবং ৮ হাজার ৯৯৬ রুপি বিল এসেছে সেখানে পরের মাসে বিল ২ লাখ ছাড়িয়ে গেল কীভাবে? এক মাসেই ২৩ গুণ বেশি বিল!

তবে মহাডিস্কম কর্তৃপক্ষ বলছে, আশার লোনাভোলা বাংলোর মিটারের রিডিং অনুযায়ীই বিল পাঠানো হয়েছে। তবে বিষয়টি তারা ফের খতিয়ে দেখবেন।

শুধু আশা ভোসলেই নন, মাস শেষে ভারতে এমন ভুতুড়ে বিলের খপ্পরে পড়েছেন বলিউড তারকা আরশাদ ওয়ারসি, তাপসী পান্নু, দিব্যা দত্ত, রেনুকা সাহানেসহ অনেকে।

মুন্নাভাই এমবিবিএসের সার্কিটখ্যাত তারকা আরশাদ ওয়ারসির বাড়ির বিদ্যুৎ বিল এসেছে ভারতীয় মুদ্রায় ১ লাখ ৩ হাজার টাকা।

এ বিষয়ে রসিকতা করে টুইটারে আরশাদ লেখেন, ‘দয়া করে আমার পেইন্টিং আপনারা কিনুন, আমাকে আদানিরে ইলেকট্রিক বিল দিতে হবে, পরের বিলের জন্য আমি কিডনিটা তুলে রেখেছি।’

চলতি মাসের বিদ্যুতের বিল স্বাভাবিক সময়ের তুলনায় সাত গুণ বেশি এসেছে বলে জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেট তারকা হরভজন সিং।

বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি টুইট করেন, ‘পুরো মহল্লার বিল আমাকে পাঠিয়েছ নাকি! অন্যবারের চেয়ে সাত গুণ বেশি।’

তথ্যসূত্র: ইকনমিক টাইমস, ইন্ডিয়া টিভি নিউজ

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com