শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

হৃদয় খানের নতুন গান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাকাল আসার আগে থেকেই নিয়মিত নতুন গান প্রকাশ করে আসছেন হৃদয় খান। অল্প বিরতিতে তিনি গান প্রকাশ করে যাচ্ছেন। গত ঈদেও তিনি নতুন গান প্রকাশ করেছেন।

সম্প্রতি আবারও তার কণ্ঠে নতুন গান তুলেছেন। ‘আমি জানি’ শিরোনামের এ গানটি লিখেছেন আরিফ মোতাহার। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীত পরিচালনাও করেছেন হৃদয় খান।

আগামী মাসে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে গানের কারণেই শ্রোতারা আমাকে পছন্দ করেন। তাই তাদের ভালোবাসার প্রতিদান দেয়ার জন্যই গান প্রকাশ করছি নিয়মিত।

এ নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে। কারণ এ গানেরও সুন্দর একটি গল্প আছে। শ্রোতারা আমার কাছে থেকে যে ধরনের গান প্রত্যাশা করেন, এটি সে ধরনেরই।’ এ গানের ভিডিও পরিচালনাও করেছেন হৃদয় খান।

এ গান ছাড়া ঐশী নামের নতুন এক কণ্ঠশিল্পীর জন্য ‘বদলে গেছি’ নামের একটি গানের সুর, সঙ্গীত এবং ভিডিও পরিচালনা করেছেন হৃদয় খান। এটিও তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। অন্যদিকে করোনাকালের আগে আমেরিকায় গিয়ে একটি শর্টফিল্ম তৈরি করেছেন হৃদয়। ‘ট্র্যাপড’ নামের সেই ফিল্মটিতে তার সঙ্গে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। এটিও নিজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন হৃদয় খান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com