শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

গুঞ্জন উড়িয়ে দিলেন আলিয়া

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি গুঞ্জন ওঠে, এসএস রাজামৌলির পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’ থেকে সরে দাঁড়াচ্ছেন এই অভিনেত্রী। তবে এই গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছেন তিনি।

এছাড়া এ প্রসঙ্গে এই অভিনেত্রীর একজন ঘনিষ্ঠ সূত্র পিংকভিলা ডটকমে বলেন, ‘আলিয়া ট্রিপল আর সিনেমা করছেন। তিনি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমনকি চরিত্রের জন্য তাকে তেলেগু শিখতে ও বুঝতে হয়েছে। করোনার কারণে শুটিং সাময়িক বন্ধ রয়েছে। তবে নির্মাতারা আলিয়ার সঙ্গে আলোচনা করে পরবর্তী শুটিংয়ের তারিখ নির্ধারণ করছেন।’
এদিকে এ বিষয়ে নির্মাতা রাজামৌলি এখনো কোনো বক্তব্য দেননি। তবে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একজন সূত্র বলেন, ‘আমরা জানি না এই গুঞ্জনগুলো কীভাবে ছড়ায়। ট্রিপল আর সিনেমার জন্য আলিয়াকে বেছে নেওয়া হয়েছে। তাকে পরিবর্তন করার কোনো প্রশ্নই আসে না।’

‘ট্রিপল আর’ সিনেমায় অভিনেতা রাম চরণের বিপরীতে অভিনয় করবেন আলিয়া। এর আগে গুঞ্জন ওঠে, করোনা মহামারির কারণে শিডিউল জটিলতায় পড়েছেন এই অভিনেত্রী। তাই ‘ট্রিপল আর’ সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‘রাজি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীর পরিবর্তে প্রিয়াঙ্কা চোপড়াকে নেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা রাজামৌলি।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে ‘ট্রিপল আর’ সিনেমার শুটিং বন্ধ রয়েছে। আগামী মাস থেকে পুনরায় শুটিং শুরু হবে বলে জানা গেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com