শনিবার, ১১ Jul ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

খানদের বাজারে সেরা প্রভাস!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : কম-বেশি বিনোদনপ্রেমী সব বয়সী মানুষের জানা বলিউডের জনপ্রিয় তিন অভিনেতা- সালমান খান, শাহরুখ খান ও আমির খান। তাদের ছবি মানেই ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা আর বাঁধভাঙা উচ্ছ্বাস।

এ তিন নায়কের ছবি মুক্তির পরই নতুন নতুন রেকর্ডের শোরগোল পড়ে বলিপাড়ায়। কার ছবি বেশি চলে, আয়ে এগিয়ে কে, বক্স অফিসের রেকর্ড ভাঙল কে- ভক্তদের মধ্যে এসব নিয়ে কথার তুবড়ি ছোটে সব সময়। তিনজনের মধ্যেও এ নিয়ে হয়তো চলে শীতল লড়াই। তবে এ খানদের দাপটে যখন সবাই নাকাল তখন বলিউডে হানা দিয়েছেন ‘বাহুবলী’র নায়ক প্রভাস।

বক্স অফিসে ইতিহাস গড়া ‘বাহুবলী’ সিরিজের প্রথম ছবিতে অভিনয়ের জন্য ২৫ কোটি রুপি নিয়েছিলেন প্রভাস। ‘বাহুবলী-২’-এ সেটি এক লাফে উঠে যায় ৮০ কোটিতে। আর হাল আমলে সেটি ঠেকেছে ১০০ কোটিতে গিয়ে। যেখানে এখনও সালমান খান ৬০ কোটি, শাহরুখ খান ৫৫ কোটি ও আমির খান ৫০ কোটি রুপিতে কাজ করেন; করোনাকালে সেটি আরও কমানোর পরিকল্পনা করছে; সেখানে প্রভাসের পারিশ্রমিক ১০০ কোটি। ভাবা যায়! এরপরও পরিচালক-প্রযোজকরা ছুটছেন তার কাছে।

এমনিতেই ‘বাহুবলী’ সিরিজের আগে ‘ছাত্রপতি’, ‘মিস্টার পারফেক্ট’, ‘ডার্লিং’ ও ‘মির্চি’ ছবি প্রভাসকে তারকার আসনে বসিয়েছে। ‘বাহুবলী’র আকাশছোঁয়া সাফল্যের পর রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। সর্বশেষ মুক্তি পেয়েছে তার অ্যাকশনধর্মী ছবি ‘সাহো’। সঙ্গে নায়িকা হয়েছেন বলিউডেরই শ্রদ্ধা কাপুর। নির্মাতা দক্ষিণের তরুণ পরিচালক সুজিত। অত্যন্ত আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল প্রভাস-শ্রদ্ধা কাপুরের ছবিটি নির্মাণের জন্য।

তাই নির্মাতা কোটি কোটি রুপি মুড়িমুড়কির মতো উড়িয়েছেন। বিটাউনে জোর রব, প্রভাসকে ‘সাহো’ ছবির জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক দেয়া হয়েছে। কেউ কেউ অবশ্য টিপ্পনিও কেটেছেন। বলেছেন, তেলেগু অভিনেতা প্রভাসের এ পারিশ্রমিকের অঙ্কে একটি বলিউড ছবি অনায়াসে নির্মাণ করা যেত।

চলমান করোনাকালের লম্বা বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন প্রভাস। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এমন ঘোষণাই দিয়েছেন তিনি। তবে ফিরতি যাত্রায় রয়েছে ব্যাপক চমক। কোন ছবির শুটিং করবেন- সেটি আগেই জেনেছেন ভক্ত-দর্শকরা। নাম ‘আদিপুরুষ’।

পরিচালনা করবেন ওম রাউত। তাক লাগানো খবর হচ্ছে, প্রভাস অভিনীত এ ছবির পুরোটিই থ্রিডিতে শুটিং করা হবে। যার ভিএফএক্সেই খরচ হবে প্রায় আড়াইশ কোটি রুপি। ছবির মোট বাজেট ৫০০ কোটি রুপি। মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলেগুসহ আরও বেশ কয়েকটি ভাষায়। এ ছবিতেও প্রভাস পারিশ্রমিক নিচ্ছেন ১০০ কোটি রুপি। ‘আদিপুরুষ’ ছাড়াও এ নায়কের হাতে রয়েছে নাগ আশ্বিন পরিচালিত আরেকটি ছবি। সেই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন বলিউডের দীপিকা পাড়ুকোন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com