শনিবার, ১১ Jul ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

আবারও মঞ্চে চুমকি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : এক বছর পর আবারও মঞ্চনাটকে অভিনয়ে ফিরছেন ফারজানা চুমকি। নাটকের নাম ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’। এটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন জামান ও নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। এরই মধ্যে অনলাইনে নাটকের রিহার্সেলে নিয়মিত অংশ নিচ্ছেন চুমকি। নাটকটি ঢাকা থিয়েটারের নতুন প্রযোজনা।

তবে কবে নাগাদ নাটকটি মঞ্চায়ন হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, ‘এবারই প্রথম সেলিম ভাইয়ের নির্দেশনায় মঞ্চ নাটকে অভিনয় করছি। যেহেতু তিনি একজন গুণী অভিনেতা, তাই অভিনয় করার সময় চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোথায় কী করতে হবে তা বেশ ভালোভাবে বুঝিয়ে দেন। সে ক্ষেত্রে আমরা যারা অভিনয় করছি এ নাটকে তাদের জন্য বেশ সুবিধা হয়।’

মূলত একটি সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় পথচলা শুরু হয় চুমকির। এরপর যুক্ত হন ঢাকা থিয়েটারের সঙ্গে। দলটির হয়ে তিনি এ পর্যন্ত ‘যৈবতী কইন্যার মন’, ‘বন পাংশুল’, ‘হাত হদাই’, ‘প্রাচ্য’ নাটকে অভিনয় করেন।

অন্যদিকে করোনা প্রকোপের আগে প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। নাম ‘পাপপুণ্য’। এটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এতে অভিনয় প্রসঙ্গে চুমকি বলেন, ‘যেহেতু এটি আমার প্রথম সিনেমা ছিল, তাই যথেষ্ট মনোযোগ দিয়েই কাজ করার চেষ্টা করেছি। দেখা যাক, সিনেমাটি মুক্তি পেলে দর্শকের কাছ থেকে কেমন সাড়া পাওয়া যায়।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com