শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনা পরিস্থিতিতে থমকে আছে সারাবিশ্ব। সব সেক্টরের মতো বন্ধ রয়েছে নাটকের প্রদর্শনীও। দীর্ঘ পাঁচ মাস পর মুক্তিযুদ্ধভিত্তিক একক নাটক শূন্যন রেপারেটরির ‘লালজমিন’-এর প্রদর্শনীর মধ্য দিয়ে শুক্রবার সরব হয়ে উঠেছে নাট্যাঙ্গন।
সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শুরু হয় মান্নান হীরা রচিত ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় ‘লালজমিন’ নাটকের মঞ্চায়ন। মুক্তিযুদ্ধভিত্তিক এ নাটকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। এটি এ নাটকের ২৪৪তম মঞ্চায়ন।
কঠোর স্বাস্থ্যবিধি মেনে তবেই দর্শক প্রবেশ করে মিলনায়তনে। দুই আসন পর পর একজন করে দর্শক বসেন। আর নাটক দেখতে আসা দর্শককে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হয়। সেইসঙ্গে প্রবেশমুখে শরীরের তাপমাত্রা মাপা হয় এবং হাতে এবং পায়ে স্যানিটাইজার, জীবাণুনাশক দেয়া হয়।
‘হাউজফুল’ অবস্থাতেই শুরু হয় ‘লালজমিন’র মঞ্চায়ন। কিশোরী একটি মেয়েকে ঘিরে ‘লালজমিন’র গল্প আবর্তিত হয়েছে। শুধু মুক্তিযুদ্ধ নয়, তারপর আরও কয়েকটি দশক।
সেই কিশোরীর মনে জেগেছে নতুন কিছু প্রশ্ন। নিজের একক নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে মঞ্চ নাটক আবারো চালু হওয়ায় উচ্ছ্বসিত মোমেনা চৌধুরী বলেন, প্রথম যেদিন মঞ্চে উঠেছিলাম, অভিনয় করেছিলাম সেদিনের মতো অনুভূতি হচ্ছে। এ পাঁচ মাস বহু মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন।
আমিও চলে যেতে পারতাম। কিন্তু আমি বেঁচে আছি এবং আবারও ‘লালজমিনে’ অভিনয় করছি। ‘স্বাস্থ্যবিধি মেনে নাটক মঞ্চায়ন এক ভিন্ন অনুভূতি। সামনে বসা মানুষগুলোর মুখটা দেখতে পারব না। তার পরও মঞ্চ নাটক চালু হচ্ছে এটাই আনন্দের।’
নাটকটির সঙ্গীত পরিচালনা করেছেন জুলফিকার চঞ্চল ও রমিজ রাজু। কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রমিজ ও নীলা। লাইটে কাজ করেছেন জয়, আতিক ও মির্জা শাকিব।
কস্টিউম ডিজাইন করেছেন ওয়াহিদা মল্লিক জলি এবং তাকে সহযোগিতা করেছেন নীলা মমতাজ। সেট নির্মাণ করেছেন জুয়েল, সানী ও আসাদ।
পথকুকুর নিয়ে দেয়ালচিত্র প্রদর্শনী : জলাতঙ্ক টিকা ও বন্ধত্বকরণ প্রকল্প ঠিকমতো না চালিয়ে ঢাকা থেকে ৩০ হাজার কুকুর শহরের বাইরের বিভিন্ন লোকালয়ে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
মানুষের সবচেয়ে পরীক্ষিত কাছের বন্ধু কুকুরের প্রতি সিটি কর্পোরেশনের এ ধরনের অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে দুই দিনব্যাপী দেয়ালচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার নামের একটি সংগঠন।
শুক্রবার ধানমণ্ডির সাত মসজিদ রোডে ‘পথকুকুর দেয়ালচিত্রে বেঁচে থাক’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী আবুল বারক আলভী ও চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা। আজ শনিবার শেষ হবে দু’দিনের এ দেয়ালচিত্র প্রদর্শনী। সমাপনী দিনে উপস্থিত থাকবেন অভিনেত্রী জয়া আহসান।
নগরকন্ঠ.কম/এআর