শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

জামালপুরের রাস্তায় পাগলের বেশে ঘুরে বেড়ানো ব্যক্তিটি অভিনেতা শাহরিয়ার!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জামালপুরের সরিষাবাড়ির বিভিন্ন স্থানে উদ্দেশ্যহীনভাবে ঘুরছেন এক ভারসাম্যহীন ব্যক্তি। স্থানীয়রা জানিয়েছেন, এই ব্যক্তিকে টিভিতে দেখা গেছে।

ভারসাম্যহীন ওই ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আপলোড করেন স্থানীয়রা। তখনই হতভম্ব হয়ে পড়েন শোবিজের অনেকেই।

তারা জানান, জামালপুরের ভবঘুরে ভারসাম্যহীন ব্যক্তি একসময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার শুভ। অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করা এই অভিনেতা এমন অবস্থা দেখে বিস্মিত শোবিজের অনেকেই।

কোন পরিস্থিতিতে এই অভিনেতার এমন করুণ পরিণতি হলো তা জানতে চেয়েছেন অনেকে। আর তিনি জামালপুরে এভাবে পাগলের বেশে ঘুরছেন কেন!

এ বিষয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম এক গণমাধ্যমকে বলেছেন, সম্প্রতি নাটকের শুটিং করতে জামালপুর গিয়েছিলেন শাহরিয়ার শুভ। শুটিংয়ের একফাঁকে একটি চায়ের দোকানে চা খেতে যান। এরপর থেকেই ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন তিনি।

তিনি আরও জানান, উদ্ধারের পর এখন জামালপুর জেলার সরিষাবাড়ি ডাকবাংলোতে নিরাপদেই আছেন শুভ। তার শারীরিক অবস্থা ভালো।

প্রসঙ্গত, অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিমের পরিচালিত ‘রংছুট’ নামের নাটকে প্রথম অভিনয় করেন শাহরিয়ার শুভ। সেই নাটকে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা৷ এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অনেক জনপ্রিয় নাটক ও ধারাবাহিকে অভিনয় করেন তিনি।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com