শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

কলকাতার নতুন ছবি ‘ছেলেধরা’য় জয়া আহসান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : কলকাতার নতুন একটি ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান।

‘সোয়েটার’, ‘হৃদপিণ্ড’-এর সাফল্যের পর কলকাতার পরিচালক শিলাদিত্য মৌলিক আনছেন তাঁর তৃতীয় ছবি। শিলাদিত্য মৌলিকের তৃতীয় ছবির নাম ‘ছেলেধরা’। যে ছবির কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে।

জানা গেছে, ‘ছেলেধরা’তে উঠে আসবে একজন অ্যালকোহলিক মা ও মেয়েকে অপহরণের গল্প। দেখা যাবে, অপহৃত হওয়ার পর থেকেই অপহরণকারীর ছেলেকে নিজেদের নাগালের মধ্যে পেতে চান ওই অ্যালকোহলিক নারী। অবশেষে সেটা সম্ভবও হয়। নিজের ছেলেই যখন অপহরণের শিকার, তখন অপহরণকারীর ঠিক কী অনুভূতি হতে পারে? এই পটভূমির ওপরই নিয়ে তৈরি হচ্ছে ‘ছেলেধরা’।

পরিচালক শিলাদিত্য মৌলিক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ছেলেধরা পিতৃত্ব ও শৈশব নিয়ে তৈরি একটি গল্প। এখানে যে শুধুমাত্র অপহরণ আর অপরাধের কাহিনি উঠে আসবে, এমনটা নয়। অপহরণের মধ্যে দিয়ে কিছু মানুষের জীবন কীভাবে আবর্তিত হবে, তাঁদের ব্যক্তিগত দুর্বলতার কথা তাঁরা কীভাবে বুঝতে পারবেন, সেগুলি এই ছবিতে দেখানো হবে।

এই ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করবেন, অনুরাধা মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও ঈশান মজুমদার।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com