শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : গত মার্চের শেষ সপ্তাহ থেকেই করোনাভাইরাসের কারণে শুটিং করছেন না অভিনেতা ইমন। লকডাউন শুরুর মাসেই সৈকত নাসিরের পরিচালনায় ‘আকবর’ এবং ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘ব্লাড’ নামের নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি।
সেই ছবি দুটির কাজ এপ্রিলে শুরু করার কথা ছিল; কিন্তু তার আগেই দেশে করোনার প্রভাব সবকিছু এলোমেলো করে দেয়। বন্ধ হয়ে যায় শুটিং। অন্যদের মতোই ঘরবন্দি হয়ে পড়েন এ অভিনেতা। অভিনয়ের ব্যস্ততা না থাকলেও সোশ্যাল মিডিয়ায় সরব আছেন ইমন।
মাঝে একটি টিভি বিজ্ঞাপন ও ঈদের আনন্দমেলায় তাকে দেখা গিয়েছিল। তবে ছয় মাস ধরেই ছবির কোনো কাজ করছেন না তিনি। আশার কথা হল চলতি মাসেই অভিনয়ে ফিরছেন তিনি। নতুন চুক্তিবদ্ধ হওয়া ছবি দুটির কাজ এ মাসেই শুরু হবে বলে জানিয়েছেন ইমন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কিন্তু অনেকদিন ধরেই ছবির কাজের জন্য প্রস্তুত। তবে নির্মাতারা যেহেতু কাজ করতে চাননি, তাই আমাকেও অপেক্ষা করতে হয়েছে। সেই অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে। শুটিংয়ে ফিরছি অল্প কয়েকদিনের মধ্যেই। ভালো লাগছে আবার অভিনয় ক্যামেরায় দাঁড়াচ্ছি।’
অন্যদিকে করোনা প্রকোপের আগেই অঞ্জন আইচের পরিচালনায় ‘আগামীকাল’ নামের ছবির সব কাজ শেষ করেছেন ইমন। এটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া একই পরিচালকের ‘কানামাছি’ একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘সাহসী যোদ্ধা’ নামের আরেকটি ছবির কাজও তার হাতে রয়েছে। এর অল্প একটু কাজ বাকি আছে বলে জানিয়েছেন এ অভিনেতা।
নগরকন্ঠ.কম/এআর