শনিবার, ১১ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চু গুরুতর অসুস্থ। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
জায়েদ খান বলেন—সাদেক বাচ্চু ভাইয়ের থেমে থেমে জ্বর আসছে। কৃত্রিম অক্সিজেনের সাহায্যে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। তার হার্টের সমস্যাও বেড়েছে। করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়া হয়েছে, কিন্তু রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সাদেক বাচ্চু ভাইয়ের জন্য সবার দোয়া প্রার্থনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় সাদেক বাচ্চুকে।
১৯৬৩ সালে বেতারে ‘খেলাঘর’ নাটকে প্রথম অভিনয় করেন সাদেক বাচ্চু। ১৯৭২-৭৩ সালে ‘গণনাট্য পরিষদ’ নামে একটি থিয়েটারের সঙ্গে যুক্ত হন। এরপর অনেক নাট্যদলের সঙ্গে কাজ করেছেন তিনি। ১৯৭৪ সালে টেলিভিশন নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম টিভি নাটক ‘প্রথম অঙ্গীকার’। ক্যারিয়ারে ১ হাজারের বেশি টিভি নাটকে অভিনয় করেছেন সাদেক বাচ্চু।
১৯৮৫ সালে ‘রামের সুমতি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাদেক বাচ্চু। খল-অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পেলেও শুরুটা করেছিলেন চলচ্চিত্রের নায়ক হিসেবে। ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্রে প্রথম খল চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয় ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা।
নগরকন্ঠ.কম/এআর