শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

তরুণ নির্মাতা খুঁজছে আরটিভি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : তরুণ নির্মাতা খুঁজছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। তরুণ পরিচালকদের উৎসাহিত করার লক্ষ্যে ‘তরুণ নির্মাতার নতুন গল্প’ শিরোনামে প্রতিযোগিতার আয়োজন করেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে বেঙ্গল মাল্টিমিডিয়া তেজগাঁও স্টুডিওতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চ্যানেল কর্তৃপক্ষ।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন—অনেক মেধাবী তরুণ নির্মাতা নাটিকা বা তথ্যচিত্র নিয়ে আসে আরটিভিতে প্রচারের জন্য। আরটিভি সমসময় নতুন কিছু করে বলেই তাদের এই প্রত্যাশা। সে সকল মেধাবীদের জন্য এটি একটি প্ল্যাটফর্ম। যার মাধ্যমে তারা নিজেদেরকে প্রমাণ করতে পারবেন। অন্তত ১০জন তরুণ নির্মাতাকেও যদি আমরা তুলে আনতে পারি, তাহলে আমাদের এ প্রচেষ্টা সফল হবে! তাদেরকে আরটিভির অর্থায়নে নাটক নির্মাণের সুযোগ দেওয়া হবে। তারাই অগ্রণী ভূমিকা রাখবে আগামীর ভিজ্যুয়াল বিশ্বে।

আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব জানান, প্রতিযোগীদের নির্বাচিত নাটিকাগুলো আরটিভিতে প্রচার হবে এবং আরটিভি ড্রামা পেজে মুক্তি পাবে। সেখানে দর্শকদের ভোট এবং এসএমএসের মাধ্যমে নির্বাচন করা হবে তরুণ নির্মাতা।

এতে বিচারকের দায়িত্ব পালন করবেন—অভিনেতা জিয়াউল হাসান কিসলু, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক নির্মাতা এস এ হক অলীক, অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা আহসান হাবিব নাসিম এবং অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী।

অভিনেতা জিয়াউল হাসান কিসলু বলেন—প্রতিশ্রুতিশীল নির্মাতা তৈরিতে এটি একটি অসাধারণ উদ্যোগ। এ তরুণরাই নাট্যাঙ্গণের শূণ্যস্থান পূরণ করবে।

এ প্রতিযোগিতার অন্যতম বিচারক অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী। তিনি বলেন—আরটিভি সর্বদাই নতুনত্বের পরিচয় দিয়ে এসেছে। এ প্রতিযোগিতা তারই ধারাবাহিকতা বলে আমি মনে করি। নির্মাতাই নাটকের ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। তাই তাকে মেধাবী হতেই হবে। আরটিভি তাদেরকে সে সুযোগ করে দিয়েছে।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রয়াত নাট্যজন কে এস ফিরোজের প্রতি শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সৈয়দ সাবাব আলী আরজুর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন—ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক নির্মাতা এস এ হক অলীক, অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা আহসান হাবিব নাসিম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com