শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

স্বপ্নের নায়িকা পেয়ে ভীষণ খুশি শিপন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ‘কুলি’ সিনেমাখ্যাত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। প্রথম সিনেমায় অভিনয় করেই দর্শকের ভালোবাসা কুড়ান তিনি। এরপর ‘আমার ঘর আমার বেহেশত’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘লাল বাদশা’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘গঙ্গাযাত্রা’, ‘গার্মেন্টস কন্যা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। কাজের স্বীকৃতি হিসেবে তার হাতে উঠেছে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

পপির অভিনয়ে মুগ্ধ হয়েছে অনেক দর্শক। অনেকের মতো, চিত্রনায়ক শিপন মিত্রের স্বপ্নের নায়িকাও পপি। তার সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন এই নায়ক। মনে মনে বাসনা ছিল সুযোগ পেলে পপির বিপরীতে অভিনয় করার। এবার সেই স্বপ্ন পূরণ হচ্ছে শিপনের।

‘ভালোবাসার প্রজাপতি’ শিরোনামে সিনেমায় জুটি বাঁধছেন পপি-শিপন। রাজু আলীম-মাসুমা তানির পরিচালনায় এটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এর গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন খালিদ মাহবুব তুর্য।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ১২ নম্বর সেক্টরে দৃশ্যধারণের কাজ শুরু হয়। এতে পপির বিপরীতে রাজু আলীমকেও দেখা যাবে। রোমান্টিক গল্পের এই সিনেমায় পপি অভিনয় করছেন পূর্বা চরিত্রে, শিপন অভিনয় করছেন গৌরব চরিত্রে এবং রাজু আলীম অভিনয় করছেন সৌরভ চরিত্রে।

পপি রাইজিংবিডিকে বলেন, রোমান্টিক গল্প নিয়ে গড়ে উঠেছে ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার কাহিনি। আমার চরিত্রটি ভীষণ সুন্দর। আশা করছি, কাজটি সবাই উপভোগ করবেন।

উচ্ছ্বাস প্রকাশ করে শিপন বলেন, সিনেমায় কাজ করার আগে থেকেই আমি পপি আপার কাজের ভক্ত। মনে মনে ইচ্ছে ছিল পপি আপার সঙ্গে কাজ করার। এবার সেই সুযোগটি ধরা দিয়েছে। আশা করছি, দারুণ একটি কাজ উপহার দিতে পারবো।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com