বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : গত ২২ সেপ্টেম্বর দুপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেত্রী মিনু মমতাজ।
দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, হাসপাতালের বকেয়া বিল পরিশোধ করতে না পারার কারণে হাসপাতালের মর্গে পড়েছিল এ অভিনেত্রীর লাশ। একজন অভিনেত্রীর মর্গে পড়ে থাকার খবর ২২ সেপ্টেম্বর রাতে জানতে পারে অভিনয়শিল্পী সংঘ। পরে ২৩ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে হাসপাতালের বকেয়া বিল পরিশোধ করে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন—আমাদের সংগঠনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিলের কিছু অংশ মওকুফ করিয়েছি। আর বাকি টাকা পরিশোধ করেছি অভিনয় শিল্পী সংঘের তহবিল থেকে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন মিনু মমতাজ। এরপর কোভিড-১৯ পরীক্ষা করানো হলে ফল পজিটিভ আসে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত তাকে করোনা ইউনিটে বিশেষ চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা বাবদ মোটা অঙ্কের বিল বাকি ছিল। যা পরিশোধ করতে অপারগ ছিল এ অভিনেত্রীর পরিবার।
অভিনেত্রী মিনু মমতাজের তিন ছেলে। তার বড় ছেলে অনেক আগে মারা গেছেন। এক ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন। অন্যজন বসবাস করেন ঢাকায়।
মিনু মমতাজ কয়েক দশক টিভি নাটকে নিয়মিত অভিনয় করেছেন। দীর্ঘদিন কিডনি ও চোখের সমস্যায় ভুগছিলেন এই অভিনেত্রী।
নগরকন্ঠ.কম/এআর