বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

নতুন নিয়মে অভিনয় করছেন অপর্ণা ঘোষ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর প্রায় পাঁচ মাস কোনো ধরনের শুটিং করেননি অপর্ণা ঘোষ। তবে কোরবানির ঈদের সময় থেকে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। এ পর্যায়ে শুধু নাটকেই অভিনয় করছেন। তবে করোনার কারণে নতুন নিয়মে অভিনয় করছেন অপর্ণা।

একটি নাটকে অভিনয়ের পর এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকছেন। তারপর আবারও শুটিং করছেন। এরপর আবারও এক সপ্তাহের বিরতি। এভাবেই চলছে তার শুটিংযজ্ঞ। এ প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘আগে তো নিরাপদে থাকতে হবে, তারপর অন্যকিছু। করোনা থেকে নিরাপদে থাকার জন্য আমি নতুন নিয়মে শুটিং করছি।

হয়তো অনেকেই এভাবে কাজ করেন না। কিন্তু আমি আমার নিয়মেই চলব যতদিন করোনার প্রভাব থাকবে। এতে করে হয়তো কম কাজ করতে পারব; কিন্তু সেটি নিয়ে আমার কোনো আফসোস নেই। সবার কাছে শুভ কামনা প্রত্যাশা করছি, যেন নিরাপদে কাজ করে যেতে পারি।’

এ অভিনেত্রী বর্তমানে হিরন জামানের পরিচালনায় আরটিভিতে প্রচারচলতি ‘টিপু সুলতান’ নামে একটি দীর্ঘ ধারাবাহিকের শুটিং করছেন। এছাড়া সম্প্রতি নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় ‘অচিরা’ এবং শওকত খান শুভর পরিচালনায় ‘ইলেকট্রিশিয়ান’ নামের দুটি খণ্ডনাটকের শুটিং শেষ করেছেন। ১০ অক্টোবর থেকে মোবারক হোসেন রুমির পরিচালনায় ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ নামের একটি সরকারি অনুদানের ছবির শুটিং করবেন বলে জানিয়েছেন অপর্ণা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com