বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সন্তানরা আমার সিনেমা দেখতে লজ্জা পায়: জুহি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। এক সময় পর্দায় নিয়মিত অভিনয় করেছেন। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। কিন্তু সন্তানরাই তার সিনেমা দেখতে লজ্জা পায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জুহি জানান, মেয়ে জাহ্নভি ও ছেলে অর্জুনকে তার কয়েকটি সিনেমা দেখিয়েছেন। কিন্তু তারা সিনেমাগুলো দেখতে আগ্রহী ছিল না। বিশেষ করে এই অভিনেত্রীর রোমান্টিক সিনেমা দেখতে আপত্তি জানিয়েছে তার ছেলে।

জুহি বলেন, “তারা আমার সিনেমা দেখতে লজ্জা পায়। বিশেষ করে শুরুর দিকের সিনেমাগুলো। আমার স্বামী (জয় মেহতা) তাদের ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ দেখার কথা বলেছে। তার মতে, এটি খুবই চমৎকার একটি সিনেমা। এরপর অর্জুন আমাকে জিজ্ঞেস করে, ‘এই সিনেমায় কি কোনো রোমান্টিক দৃশ্য রয়েছে?’ আমি বলি, এটি রোমান্টিক-কমেডি সিনেমা। এর উত্তরে সে বলে, ‘আমি তোমার কোনো রোমান্টিক সিনেমা দেখতে চাই না। কেমন যেন অদ্ভুত মনে হয়। তাই, আমি তোমার কোনো সিনেমা দেখতে চাই না।’

এই অভিনেত্রী জানান, ‘ম্যায় কৃষ্ণা হু’ এবং ‘চক এন ডাস্টার’ সিনেমার পারফরম্যান্স পছন্দ করেছে তার সন্তানরা।

‘সুলতানাত’ সিনেমার মাধ্যমে ১৯৮৬ সালে বলিউডে পা রাখেন জুহি। তবে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমা মুক্তির পর বিশেষ খ্যাতি পান। এরপর অসংখ্য ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’। এতে আরো অভিনয় করেন সোনম কাপুর, অনিল কাপুর, রাজকুমার রাও প্রমুখ। ‘শর্মাজি নমকিন’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com