বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : উপস্থাপিকা থেকে নায়িকা। এরপর গায়িকা হয়ে চমকে দিয়েছিলেন নুসরাত ফারিয়া।
তার প্রথম গান ‘পটাকা’ অবমুক্তের পর বেশ আলোচিত হয়। ২০১৮ সালে প্রকাশ হয় গানটি। যদিও ইউটিউবে গানটি ডিজলাইকের ঝড় তোলে। অনেকের মতে, ডিজলাইক দিতে গিয়েও ৭০ লাখের কাছাকাছি দেখা হয় গানটি।
এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন হালের আলোচিত এই নায়িকা। গানের শিরোনাম – ‘আমি চাই থাকতে’। কানাডার জনপ্রিয় র্যাপার-কম্পোজার মাস্টার ডির কম্পোজিশনে কণ্ঠ দিয়েছেন নুসরাত ফারিয়া।
চলতি অক্টোবরের প্রথম সপ্তাহেই ভারতের নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে গানটি অবমুক্ত হবে বলে জানিয়েছে ‘আশিকি’ নায়িকা।
গানটি নিয়ে তার প্রত্যাশাও অনেক। তিনি বলেন, আমি চাই থাকতে’ নিয়ে বেশ আশাবাদী আমি। আমার প্রথম গানকে সব দিক থেকে ছাড়িয়ে যাবে বলে বিশ্বাস করছি। গানের ভিডিওটিও চমক সৃষ্টি করবে।
ইতিমধ্যে গতকাল সন্ধ্যায় ১৯ সেকেন্ডের টিজার প্রকাশ পেয়েছে। গানের কথা, সুর থেকে ভিডিও মিলিয়ে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছেন নুসরাত।
নগরকন্ঠ.কম/এআর