বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতের বরেণ্য সংগীতশিল্পী ও অভিনেতা শক্তি ঠাকুর আর নেই। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
সোমবার (৫ অক্টোবর) ভোরে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শক্তি ঠাকুরের বড় মেয়ে মেহুলি ঠাকুর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
মেহুলি ঠাকুর স্ট্যাটাসে লিখেছেন—আমার বাবা আর নেই। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে কয়েক ঘন্টার মধ্যেই চলে গেল। আমার বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না।
বাবার শেষকৃত্যর সময়ে শ্মশানে উপস্থিত ছিলেন মেহুলি ঠাকুর। বিষয়টি উল্লেখ করে মেহুলি লিখেন—আমি ভুলে গিয়েছিলাম বাবা-মায়েরা একদিন চলে যায়। জীবনে কোনো দিন শ্মশানে আসিনি। আজ সবই জীবনে প্রথমবার। বাবা ছাড়া আজ থেকে নতুন জীবন। তুমি কি কোনো দিনও কোনো পাপ করোনি বাবা? নইলে এভাবে দু’ঘন্টার মধ্যে কেউ চলে যায়?
অন্যদিকে শক্তি ঠাকুরের ছোট মেয়ে সংগীতশিল্পী মোনালি ঠাকুর। বাবার মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি তিনি। কারণ বর্তমানে সুইজারল্যাল্ডে অবস্থান করছেন এই শিল্পী।
সংগীতশিল্পী ও অভিনেতা হিসেবে পরিচয় পেলেও প্রথম জীবনে স্কুল শিক্ষক ছিলেন শক্তি ঠাকুর। অঙ্ক ছিল তার প্রিয় বিষয়। ১৯৭৬ সালে তপন সিংহের ‘হারমোনিয়াম’ চলচ্চিত্রে নেপথ্য শিল্পী হিসেবে গানের ভুবনে পা রাখেন তিনি। এরপর আর পেছন ফিরে থাকাতে হয়নি তাকে।
হেমন্ত মুখোপাধ্যায় শক্তি ঠাকুরকে দিয়ে তার সুর করা বেশ কিছু বাংলা চলচ্চিত্রে গান গাইয়েছেন। এছাড়া অজয় দাস, শচীন বর্মনের সুরে গান গেয়েছেন তিনি। পাশাপাশি অভিনয় করেছেন—‘দাদার কীর্তি’, ‘ভালোবাসা ভালোবাসা’ প্রভৃতি চলচ্চিত্রে। উৎপল দত্ত, বিকাশ রায়ের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি।
নগরকন্ঠ.কম/এআর