বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

বোবা সামান্থা!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।

অভিনয় ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। দক্ষিণ কোরিয়ার ব্যবসাসফল সিনেমা ‘মিস গ্র্যানি’। তেলেগু ভাষায় এটি রিমেক হয়েছে। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। এবার বাকশক্তিহীন এক মেয়ের চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, পরিচালক অশ্বিন সারাভনান নির্মাণ করছেন নারী কেন্দ্রিক হরর ঘরানার একটি চলচ্চিত্র। এতে বোবা এক মেয়ের চরিত্র রূপায়ন করবেন সামান্থা। আগামী নভেম্বরে সিনেমাটির শুটিংয়ে অংশ নিবেন তিনি। এখন অনলাইন কর্মশালায় অংশ নিচ্ছেন সামান্থা।

কয়েক মাস আগে জানা যায়, পরিচালক অশ্বিন অভিনেতা প্রশান্তের কাছে গিয়েছিলেন। এ সিনেমার অন্যতম কেন্দ্রীয় চরিত্রে প্রশান্তকে চাইছেন এই নির্মাতা। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি প্রশান্ত।

সনি এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিনেমার বড় অংশের শুটিং হবে ভারতের দেরাদুনে। রামোজি ফিল্ম সিটিতে সেট তৈরি করা হবে। এছাড়া হায়দরাবাদে গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং হবে। সিনেমাটি তামিল, তেলেগু ভাষায় নির্মিত হবে।

সামান্থা ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং শেষ করেছেন। খুব শিগগির অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে সামান্থার।

সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জানু’। তামিল ভাষার ‘৯৬’ সিনেমার রিমেক এটি। তার পরবর্তী সিনেমা ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’। বর্তমানে এই সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com