বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

দর্শক আগ্রহের কারণে চট্টগ্রামেও মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : যেসব সিনেমা হল শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে, কেবল সেসব হলেই মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এ সিনেমা আগামী ২৩ অক্টোবর নগরীর স্টার সিনেপ্লেক্সের সব কটি শাখায় মুক্তি পাবে।

এই মুহূর্তে চট্টগ্রামে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল না সিনেমা সংশ্লিষ্টদের। কিন্তু দর্শক আগ্রহের কারণে একই দিনে চ্ট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।

পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন—সিনেমাটিকে কেন্দ্র করে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন শহর থেকে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা নিজেদের শহরে ‘ঊনপঞ্চাশ বাতাস’ দেখার আগ্রহ প্রকাশ করছেন। সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রামের সিলভার স্ক্রিন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আর সিনেমার নায়ক বর্ষণ (ইমতিয়াজ বর্ষণ) চট্টগ্রামের ছেলে। চট্টগ্রাম থেকে ওনারা বলছেন, সিনেমাটির নায়ক চট্টগ্রামের, আর আমরা প্রথম দিন থেকে সিনেমাটি দেখাতে পারবো না? আসলে তাদের আগ্রহের কারণে সিলভার স্ক্রিনের সঙ্গে এগ্রি করি। অর্থাৎ চট্টগ্রামেও একযোগে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

সম্পর্ক, বিশ্বাস আর আস্থার গল্প নিয়ে ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এই চলচ্চিত্রের গল্পের মূল চরিত্র অয়ন ও নিরা। এ দুটি চরিত্র রূপায়ন করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। একদম নতুন মুখ নিয়েই সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক।

পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনাও করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। শুধু তাই নয়, ফটোগ্রাফি এবং পোস্টার ডিজাইনও তার করা।

প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবরের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com