বুধবার, ০৮ Jul ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

চঞ্চল-শাওনের ‘যুবতি রাধে’ ভাইরাল

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : অভিনেতা হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন চঞ্চল চৌধুরী। কণ্ঠের জাদুতেও মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতার হৃদয়।

এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনের সঙ্গে একটি লোক গানে কণ্ঠ দিয়েছেন চঞ্চল। ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামের গানটি নতুন করে কণ্ঠে তুলেছেন এই জুটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) গানটি প্রকাশ্যে আসে, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া।

এদিকে গানটি ফেসবুকে মুক্তির পর শ্রোতা-দর্শকদের প্রশংসায় ভাসছেন শাওন-চঞ্চল। মন্তব্য করে নেটিজেনরা তাদের মুগ্ধতা প্রকাশ করছেন। মুকুল রায় নামে একজন চঞ্চল চৌধুরীকে উদ্দেশ্য করে লিখেছেন—‘কত গুণে যে আপনি গুণান্বিত! যা বিশেষায়িত করার উপমা পাই না। শারদ শুভেচ্ছাসহ শুভ কামনা দাদা।’

নিশিতা রহমান লিখেছেন—‘দুইজন অসাধারণ অভিনেতা এবং অভিনেত্রী। যারা সর্ব গুণে গুণান্বিত। দুইজন প্রিয় মুখ একসঙ্গে এভাবে দেখতে পেয়ে অসম্ভব ভালো লাগছে। অসাধারণ গানটি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’ তুহিন চৌধুরী নামে একজন লিখেছেন—‘অনেক দিন পর একটা অসাধারণ গান শুনলাম। অসাধারণ মিউজিক, সকাল থেকে মনে হয় ১০/১২ বার শুনে ফেললাম, আরো শুনতে চাই।’

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে আয়োজন করেছে ‘আমাদের গান’ নামে অনুষ্ঠানের। দেশের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরাই তাদের উদ্দেশ্য। এর মধ্যে অনেকে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছেন। তারই ধারাবাহিকতায় গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন-চঞ্চল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com